AAP vs Congress: ইন্ডি জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি! দিল্লির ভোটের আগে বেঁকে বসল আপ
AAP vs Congress: দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে আরও চওড়া ফাটল ইন্ডি জোটে (INDI Alliance)। বিরোধী জোট থেকে সরাসরি কংগ্রেসকে বহিষ্কারের দাবি তুলল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। কংগ্রেসের সঙ্গে তিক্ততা বাড়ল কেজরিওয়ালের দলের। দিল্লির নির্বাচনে বিজেপির হয়ে কংগ্রেস (Congress) কাজ করছে বলে দাবি আপের।
ঘটনার সূত্রপাত দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেনকে ঘিরে। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা ও আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং কংগ্রেস বিজেপি সেটিংয়ের অভিযোগ তোলেন। সঞ্জয় সিং বলেন, "দিল্লির নির্বাচনে বিজেপিকে সুবিধে পাইয়ে দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। বিজেপির হয়ে কথা বলেন কংগ্রেসের নেতা অজয় মাকেন। বিজেপির নির্দেশেই আপের নেতাদের কুরুচিকর মন্তব্য করেন।"

আপ সাংসদের দাবি, গতকাল সব সীমা ছাড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালকে দেশবিরোধী বলে বসেন কংগ্রেস নেতা অজয় মাকেন। আর এরপরেই হাত শিবিরকে আক্রমণ শানাতে শুরু করে আপ। ২৪ ঘণ্টার মধ্যে অজয় মাকেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইন্ডি জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি জানানো হবে বলে সাফ জানিয়ে দেন সঞ্জয় সিং।
ফেব্রুয়ারিতেই দিল্লিতে রয়েছে বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election 2025)। তাঁর আগে বেজায় অস্বস্তি ইন্ডি জোটে (INDIA Bloc)। প্রধান দুই দল কংগ্রেস ও আপের মধ্যে অহিনকুল সম্পর্কে আরও বাড়ল ফাটল।
এর আগে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) দিল্লিতে জোট করে লড়েছিল আপ ও কংগ্রেস। যদিও তাতে শিঁকে ছেঁড়েনি। রাজধানীর ৭টি লোকসভা আসনই ছিনিয়ে নেয় বিজেপি। তারপরই ইন্ডির দুই দলে বাড়তে থাকে দ্বন্দ্ব।
এদিন সঞ্জয় সিং আরও বলেন, "হরিয়ানার নির্বাচনেও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চেয়েছিল আপ। কিন্তু কংগ্রেস সহমত হয়নি। আপ একাই নির্বাচন লড়েছিল। কিন্তু কংগ্রেসের কোনও নেতার বিরুদ্ধে কুমন্তব্য করেনি। চণ্ডীগড়ে কংগ্রেসের হয়ে উল্টে প্রচার করতে দেখা গিয়েছিল কেজরিওয়ালকে। আর এখন কিনা তাঁকেই কংগ্রেস দেশবিরোধী বলছে। এমনকী যুব কংগ্রেস কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের করছে?"
দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনাও (Atishi Marlena) সরব হন কংগ্রেসের বিরুদ্ধে। বলেন, "দিল্লির ভোটে বিজেপির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কংগ্রেস। ওদের কথাবার্তা ও কাজকর্মেই তা স্পষ্ট। বিজেপির বিরুদ্ধে কখনও ওরা পুলিশে অভিযোগ দায়ের করেনি। অথচ এখন আপ নেতাদের বিরুদ্ধে সেটা করছে।"
প্রসঙ্গত, বুধবারই আপকে নিশানা করে দিল্লিতে অনুন্নয়নের অভিযোগ তুলে ১২ পয়েন্টের শ্বেতপত্র প্রকাশ করে বিজেপি। তার পরের দিনই কংগ্রেস বিজেপি আঁতাতের অভিযোগ আনল আপ।












Click it and Unblock the Notifications