'হিন্দু নাকি...', পহেলগাঁও হামলার আগের দিনই সন্দেহভাজন জঙ্গির সঙ্গে সাক্ষাৎ! মনে পড়লেই শিউরে উঠছেন আদর্শ
2025 Pahalgam Attack; সপ্তাহ ঘুরল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলার! ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে উপত্যকা ফেরার চেষ্টা করলেও এখনও থমথমে পরিস্থিতি সেখানে। দাবি উঠছে প্রত্যাঘাতের। এমনকী পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নিয়ে লাহোর দখলের দাবি উঠতে শুরু করেছে। আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর এক তথ্য।
মহারাষ্ট্রে জালনা জেলার এক যুবক আদর্শ রাউতের দাবি, পহেলগাঁও'য়ে ভয়াবহ জঙ্গি হামলার ঠিক একদিন আগে এক সন্দেহভাজন জঙ্গির সঙ্গে কথোপকথন হয় তাঁর। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর তরজা। ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা এজেন্সি এনআইএকে এই সংক্রান্ত তথ্য ওই যুবক দিয়েছেন বলেও জানা যাচ্ছে।

2025 Pahalgam Attack; আপনি হিন্দু? ধেয়ে আসে প্রশ্ন
আদর্শ রাউত জানিয়েছেন, গত ২১ এপ্রিল বৈসরন উপত্যকায় ঘোড়ায় চড়তে গিয়েছিলাম। আর সেই সময় স্থানীয় একটি দোকানে খাওয়ার সময় হঠাত করেই এক ব্যক্তি তাঁর কাছে আসে এবং হিন্দু কিনা জানতে চান। এমনকী কাশ্মীরি যে নই তা ওই ব্যক্তি নিজেই বলেন বলে দাবি আদর্শের। বিষয়টি সেই সময় স্পষ্ট না হলেও এখন ভালোই বুঝতে পারছেন যে কেন এমন প্রশ্ন তাঁকে করা হয়েছিল। মুম্বইয়ের এই যুবক আরও জানিয়েছেন, আমি হিন্দু শুনে কিছুটা চোখেমুখে অস্বস্তি দেখা যায় ওই যুবকের, আর এরপরেই তার এক সঙ্গীকে সে জানায়, আজ ভিড় কম।
আর এরপরের দিনেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। ইতিমধ্যে ভয়াবহ জঙ্গি হামলায় অভিযুক্ত তিন জনের ছবি প্রকাশ করেছে এনআইএ। আর সেই ছবি দেখার পরেই আদর্শ জানিয়েছেন, একজনের ছবির সঙ্গে তাঁর সঙ্গে দেখা হওয়া ব্যক্তির সম্পূর্ণ মিল রয়েছে।
আর এরপরেই এনআইএকে সম্পূর্ণ তথ্য জানিয়ে ইমেল করেছেন আদর্শ। সন্দেহভাজন ওই ব্যক্তির সঙ্গে তাঁর কোথায়, কীভাবে দেখা হয়েছিল সবটাই জানিয়েছেন। আগামিদিনে এনআইএ তদন্তের সাহায্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সবরকম ভাবে সাহায্য করবেন বলেও জানিয়ছেন।
যদিও এনআইএ'য়ের তরফে এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেনি বলেই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন ওই ব্যক্তি। বলে রাখা প্রয়োজন, পহেলগাঁও হামলার তদন্ত করছে এনআইএ। ইতিমধ্যে কয়েকশ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর থেকেও তথ্য নিয়েছে তদন্তকারী সংস্থা। এমনকী ঘটনার পর একাধিক ভিডিও সামনে এসেছে। তা বিশ্লেষণ করে আজ বুধবার পহেলগাঁও'য়ের ঘটনাস্থলে যান আধিকারিকরা।












Click it and Unblock the Notifications