২০১৯ দুর্গাপুজো:বেঙ্গালুরুতে 'পাড়ার পুজো'র স্বাদ পেতে চান! বানেরঘাটার দুর্গাপুজো একদম মিস করবেন না
টিউশন কিম্বা অফিস থেকে ফেরার পথে পাড়ার প্যান্ডেলে শুধু একটু খোঁজ নিয়ে আসা...'প্যান্ডেলের কাজ কদ্দুর?' আবার কখনও রবিবার পাড়ার ক্লাবে আড্ডার মেজাজে পুজো প্রস্তুতি নিয়ে হইচইয়ের আমেজ!
টিউশন কিম্বা অফিস থেকে ফেরার পথে পাড়ার প্যান্ডেলে শুধু একটু খোঁজ নিয়ে আসা...'প্যান্ডেলের কাজ কদ্দুর?' আবার কখনও রবিবার পাড়ার ক্লাবে আড্ডার মেজাজে পুজো প্রস্তুতি নিয়ে হইচইয়ের আমেজ! এই সমস্ত কিছু যেকোনও প্রবাসী বাঙালির খুবই 'কাছের জিনিস'। বাড়ি থেকে বহুদূরে থেকে পুজোর আগে এই আমেজ বহু বাঙালিই 'মিস' করে থাকেন! তবে বেঙ্গালুরুর বাঙালিরা এমন আমেজে গা ভাসাতে চাইলে অবশ্যই পৌঁছে যেতে পারেন বানেরঘাটার দুর্গাপুজোয়। ধনুচি নাচ থেকে ভোগ কিম্বা একযোগে উলুধ্বনি দিয়ে মা-কে বরণ করে পুজোর আন্তরিকতায় মেতে ওঠার বার্তা দিচ্ছে বানেরঘাটা দুর্গা ফাউন্ডেশন।

পুজো জুড়ে থাকছে 'ভারত' কে উদযাপনের পালা!
না! সেই অর্থে থিম ভাবনা নয়। তবে দেশের গর্বের অধ্যায়গুলিকে একসঙ্গে তুলে ধরে 'ভারত' কে উদযাপন করতে চলেছে ২০১৯ সালে বানেরঘাটার দুর্গাপুজো। কচিকাঁচাদের ছোট্ট হাতে আঁকা দেশের মনীষী কিম্বা ইসরোর গর্বের চন্দ্রযানের কাহিনি এখানের পুজোয় এবার ধরা দেবে। এমনই জানিয়েছেন পুজোর অন্যতম উদ্যোক্তা প্রিয়া মুখোপাধ্যায়।

পুজোর ঠিকানা
'আইআইএম বেঙ্গালুরু'র কাছেই আয়োজিত এই পুজোতে প্রতিবারই ভিড় থাকে চোখে পড়ার মতো । এবছরে পুজোর সপ্তম বর্ষেও এই পুজো আয়োজিত হচ্ছে ,শ্রী শ্রীনিবাস কল্যাণ মন্তপাতে। ঠিকানা- #১০৪ /১৩ , বিলেকাহাল্লি, দেবনাচিক্কারাহালিল মেন রোড, বেঙ্গালুরু ৭৬। গতবারের মতোই এই শ্রীনিবাস কল্যানা মন্তপা জুড়ে এবারেও থাকবে উৎসবের মেজাজ।

সাবেকী সাজে মা ও চেনা ঐতিহ্যের পুজো
বাংলা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের দুর্গাপুজোয় পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত আচার-নিয়ম মেনে চলা উমাকে বরণ করেন এই পজোর সদস্যরা। পুজোর উদ্যোক্তা প্রিয়া মুখোপাধ্যায় জানিয়েছেন, 'মাকে আমরা চেনা সাজেই দেখতে চাই। তাই এবারেও নিয়ম রীতি মেনে আসছে ডাকের সাজের মূর্তি। নিয়ম মেনে আসছে ১৮ ফুটের বিশেষ জবার মালা। যা বেঙ্গালুরু নয় , আনানো হচ্ছে বাংলা থেকে।' এছাড়াও এই বছর এখানে নন্দনা কৃষ্ণকুমার, করিশ্মা আইয়ার ও প্রিয়ঙ্কা দাসের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।

আমন্ত্রিত সকলে
সন্ধিপুজোর সময় নিয়ম মেনে চুপটি করে বসে থাকা, আর পুজোর নির্দিষ্ট সময়ে একযোগে উলুধ্বনিতে মেতে ওঠা..। এমন দৃশ্য যেকোনও বাঙালির গায়ে কাঁটা দিতে বাধ্য। আর এমন পরিবেশ যদি পুজোর দিনে বেঙ্গালুরুতে উপভোগ করতে চান তাহলে বানেরঘাটার দুর্গাপুজোতে আসতেই হবে। পুজো ফাউন্ডেশনের তরফে প্রিয়া মুখোপাধ্যায় পুজোয় আমন্ত্রণ বার্তায় সকলকে আহ্বান করেছেন ভোগ থেকে অঞ্জলিতে অংশ নিতে। তিনি বলেন, ' বছরের সমস্ত ক্লান্তি কাটিয়ে এই সময়েই উৎসবে একাত্ম হওয়ার সুযোগ থাকে। আর মা যখন আসছেন সপরিবারে,.. তখন তাঁর সঙ্গেই সকলে মিলে ভালো সময় কাটানো যেতে পারে আমাদের পুজোয়!'












Click it and Unblock the Notifications