'সিঙ্গুরে শিল্প হবে শুনলে ঘোড়াও হাসবে', তৃণমূলকে কটাক্ষ দিলীপের
'সিঙ্গুরে শিল্প হবে শুনলে ঘোড়াও হাসবে', তৃণমূলকে কটাক্ষ দিলীপের
রাজ্য সরকারের সিঙ্গুরে কৃষি ভিত্তিক শিল্পকে নিয়ে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সিঙ্গুরের শিল্প হবে শুনলে ঘোড়াতেও হাসবে। এ যেন অনেকটা বলদের দুধ দেওয়ার মতো। দিদিমনির হাত ধরে শিল্প আসবে না। উনি খেলা মেলা ও পুজোর উদ্বোধন করেছেন। কোনো শিল্পের উদ্বোধন করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে।

জবাব দিক রাজ্য
এদিন বালিতে এসে এমনি মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, এমএসপি তুলে দেওয়া হবে এটা কেন্দ্র সরকার বলেনি। এরাজ্যে এমএসপি চালু আছে কিন্তু কৃষকরা কেন পাচ্ছে না তা রাজ্য সরকারের জবাব দেওয়া দরকার। কৃষকদের প্রতি ভরসা আছে কিছু নেতারা তাদের ভুল বোঝাচ্ছে।

তৃণমূলকে আক্রমণ দিলীপের
তিনি বলেন, করোনা ভ্যাকসিন কবে আসবে জানা নেই। তবে টিএমসি কবে বিদায় নেবে তা তিনি জানেন এভাবেই তৃণমূলকে একাধিক বাণে বিঁধলেন দিলীপ ঘোষ। তার আরো মন্তব্য, করোনা আবহে বাইরে বেরিয়ে লড়াই করতে হচ্ছে বাধ্য হয়ে। লড়াই টিএমসি ভাইরাসের সঙ্গে যেখানে করোনা কিছুই নয়। টিএমসির এখন ভেন্টিলেশনে চলে গেছে। ডেথ সার্টিফিকেট শুধু সময়ের অপেক্ষা।

দুয়ারে কর্মসূচিকে কটাক্ষ
রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলায় উন্নয়ন হয়নি। পরিষেবা পাচ্ছে না মানুষ। তাই পরিবর্তন চাই। এদিন বালি মন্ডলে বিজেপির উদ্যোগে আয়োজন করা একটি স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পে আসেন তিনি। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাইভ সম্প্রচার শোনেন তিনি।

দিলীপকে পাল্টা তৃণমূলের
দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা বাস্তবে করে দেখান। সিঙ্গুরে জমি ফেরত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি পালন করে দেখিয়েছেন।কৃষি ভিত্তিক শিল্প করে দেখাবেন মুখ্যমন্ত্রী। তাই বিজেপি রাজ্য সভাপতি কি বলল তা নিয়ে কিছু আসে যায় না।












Click it and Unblock the Notifications