Year Ender 2024: বছর শেষে ফিরে দেখা ব্যালন ডি'অর থেকে ফুটবলের খেতাব জয়ীদের, খালি হাতে থাকলেন না মেসিও
ক্যালেন্ডারের পাতা বলছে বিদায়ের পথে ২০২৪। নতুন বছর শুরু হতে খুব বেশি বাকি নেই। ফলে চলতি বছরের হিসেব নিকেষ শুরু হয়ে গিয়েছে। একটা গোটা বছরের সঙ্গে জড়িয়ে থাকা নানা ঘটনা। ব্যাতিক্রম নয় খেলার মাঠও। চলতি বছরে ফুটবল মাঠে ছিল একাধিক বড় টুর্নামেন্ট।
এবার বিশ্বকাপ না থাকলেও কোপা আমেরিকা এবং ইউরো কাপের মতো মেগা ইভেন্টগুলি ছিল ফুটবল ক্যালেন্ডারে। ২০২৪ সালে ব্যালন ডি'অর সহ অন্য ঐতিহ্যমন্ডিত পুরস্কারগুলি জিতলেন কারা, বছর শেষে ফিরে দেখা সেই উজ্জ্বল নামগুলিকেই।

মহিলাদের ফুটবলে ব্যালন ডি'অর পুরস্কার পেয়েছেন স্পেন তথা বার্সেলোনার আইতানা বনমাতি। গত বছরের পর এবারেও বনমাতিই দখল নিলেন মহিলাদের ব্যালন ডি'অরের। এই মহিলা ফুটবলার স্পর্শ করলেন দেশ ও ক্লাবের সতীর্থ আলেক্সিয়া পুতেলাসের কীর্তি। ২০২১ ও ২০২২ সালে পরপর পুতেলাস দু-বার ব্যালন ডি'অর খেতাব জিতেছিলেন।
বর্ষসেরা অনূর্ধ্ব ২১ পুরস্কার জিতলেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। সবচেয়ে বেশি গোলের স্বীকৃতি হিসেবে গার্ড মুলার ট্রফিটি পেয়েছেন হ্যারি কেন ও কিলিয়ান এমবাপে। কোপা আমেরিকা খেতাব জয়ের কারণে আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন।
পুরুষদের সেরা ফুটবল ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ এবং মহিলাদের সেরা ক্লাব হয়েছে বার্সালোনা। বর্ষসেরা পুরুষ কোচের সম্মান পেয়েছেনব কার্লো আনসেলোত্তি, সেরা মহিলা কোচ চেলসির এমা হায়েস।
নজরকারা গোল করার জন্য ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন উগান্ডার ডেনিস ওমেডি। ২০২৪ সালে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিলিয়ান পুরুষ ফুটবল দল। বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য এই সম্নান দেওয়া হয়েছে ব্রাজিলকে।
ইউরোপীয় ফুটবলে অন্যতম সেরা পুরস্কার হল ইউরোপীয়ান গোল্ডেন শু। এই পুরস্কার ২০২৩-২৪ সালে জিতেছেন হ্যারি কেন। বায়ার্ন মিউনিখের এই ফুটবলার মরশুমে ৩৬ গোল করে এই খেতাব জিতে নিয়েছেন। ইউরোপীয় ফুটবল থেকে অনেক দূরে এখন মেসি। কিন্তু তিনি যেখানেই খেলুন না পুরস্কার ঠিকই জিতবেন। ২০২৪ সালে মেজর লিগ সকারে মোস্ট ভ্যালুয়েএবেল পুরস্কার জিতেছেন মেসি। সতীর্থ সুয়ারেজকে হারিয়ে এই খেতাব জিতে নিয়েছেন মেসি।












Click it and Unblock the Notifications