ISL: ঘরের মাঠে কেরলের বিরুদ্ধে এগিয়ে থেকেও হার মহমেডানের, দর্শকদের ক্ষোভে থমকে গেল খেলা
ডার্বি ম্যাচের পর ফের হার মহমেডান স্পোর্টিংয়ের। ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-২ গোলে পরাজিত হল মহমেডান।
ডার্বি হারের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে মহমেডানের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে নেমেছিল মহমেডান। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে শুরুটা ভালোভাবেই করেছিল সাদা কালো ব্রিগেড। ঘরের মাঠে জয়ের লক্ষ্যে শুরু থেকে আক্রমণাত্বক খেলতে শুরু করে মহমেডান।

ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি পায় মহমেডান। এই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কাশিমোভ। এরপর গোলের একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি দুই দল। প্রথমার্ধ শেষের আগে হলুদ কার্ড দেখেন কেরলের আদ্রিয়ান লুনা। ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মহমেডান।
মনে করা হয়েছিল দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়িয়ে গোল সংখ্যা বাড়িয়ে নেবে মহমেডান। কিন্তু হল উল্টোটাই। কেরল পাল্টা আক্রমণে গিয়ে চাপ বাড়াতে শুরু করল। দুই দলই বেশ কিছু পরিবর্তন করে। ৬৭ মিনিটে কেরলের হয়ে গোল শোধ করেন পিপ্রা। ৭৫ মিনিটে ২-১ করলেন জেসুস। নাওচার পাস থেকে দুরন্ত ফিনিশ করলেন জেসুস।
৭১ মিনিটে বক্সের মধ্যে মহমেডান ফুটবলারকে ফাউল করলে পেনাল্টির আবেদন নাকোচ করে দেন রেফারি। ফলে ক্ষোভ বাড়তে থাকে গ্যালারিতে।ম্যাচের ৮৩ মিনিটে দর্শকদের অশান্তিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকল, গ্যালারি থেকে দর্শকদের অনৈতিক কাজের জন্য রেফারি খেলা বন্ধ রাখেন। মহমেডান অধিনায়ক সামাল আলি সহ অন্য ফুটবলাররা গ্যালারির সামনে গিয়ে সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু দর্শকদের কিছুতেই শান্ত করা যাচ্ছিল না, ফলে খেলা শুরু করা সম্ভব হচ্ছিল না।
শেষ পর্যন্ত ফ্যান ক্লাবের পক্ষ থেকে সমর্থকদের শান্ত করার উদ্যোগ নেওয়া হয়, মাইকিং করে দর্শকদের শান্ত থাকার আবেদন জানানো হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হলে ফের রেফারি খেলা শুরু করার সিদ্ধান্ত নেন। কারণ দর্শকদের অনৈতিক কাজের জন্য খেলা পণ্ড হলে কড়া শাস্তি পাবে মহমেডান।
এরপর একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারল না মহমেডান। ফলে ২-১ গোলে হেরে গেল সাদা কালো ব্রিগেড।












Click it and Unblock the Notifications