ISL 2023-2024: মেগা ম্যাচের আগে বিরাট স্বস্তি সবুজ মেরুনে, অনুশীলনে যোগ দিলেন দিমিত্রিদের স্প্যানিশ বস
সোমবার আইএসএলের মেগা ম্যাচ। যুবভারতীতে আইএসএলের লিগ শিল্ড জয়ের লড়াইয়ে নামছে মোহনবাগান এসজি, প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। প্রথমবার লিগ শিল্ড জিততে হলে জয় ছাড়া বিকল্প নেই। শনিবার থেকে মুম্বই ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেল সবুজ মেরুনের। মোহনবাগান জনতাকে বিরাট স্বস্তি দিয়ে অনুশীলনে যোগ দিলেন হেড কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস।
শনিবার সন্ধ্যায় যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করে মোহনবাগান এসজি দল। সন্ধ্যা থেকে শুরু হয় অনুশীলন। তবে সবার নজর ছিল একজনের দিকেই, তিনি হেড কোচ হাবাস। অসুস্থতার জন্য অ্যান্তোনিও লোপেজ হাবাস শেষ তিন ম্য়াচে মোহনবাগানের ডাগআউটে বসতে পারেননি। মুম্বইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে স্প্যানিশ হেডস্যার ফিরছেন বাগানের সাইড লাইনে।

সোমবার মুম্বই সিটি এফসিকে হারাতে পারলেই বহুকাঙ্খিত সেই আইএসএলের লিগ শিল্ড পকেটে পুড়ে ফেলবে বাগান।এর আগে শিল্ড জয়ের সুযোগ হাতছাড়া করেছে মোহনবাগান। কয়েক বছর আগে মুম্বইয়ের বিরুদ্ধেই স্বপ্নভঙ্গ হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডের।
কয়েক বছর আগে এই মুম্বই সিটি এফসির বিপক্ষেই আইএসএলের ফাইনালে হারতে হয়েছিল মোহনবাগানকে। সেবার সন্দেশ ঝিংগানদের ভুলে গোল হজম করে চ্য়াম্পিয়ন হতে পারেনি বাগান। এরপর মুম্বইকে ফাইনালে না পেলেও, ট্রফি জয়ের স্বপ্ন বেঙ্গালুরুকে হারিয়ে মিটিয়ে ফেলেছিল সবুজ মেরুন শিবির।
ঘরের মাঠে এবার বদলা নেওয়ার সুযোগ মোহনবাগানের সামনে। নববর্ষের পরের দিনই যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বইয়ের বিরুদ্ধে আইএসএলের শিল্ড নির্ধারণী ম্যাচে নামছে মোহনবাগান এসজি।
এই ম্যাচে দলে ফিরতে পারেন সাহাল। চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি নির্ভরযোগ্য এই মিডিও। অনুশীলন করলেও ম্যাচ ফিট না হওয়ায় তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছিল না টিম ম্যানেজমেন্ট। অবশেষে শিল্ড নির্ধারিক ম্যাচেই তাঁকে নামাতে পারেন হাবাস।
এই ম্যাচ নিয়ে চরম উন্মাদনা দর্শক মহলে। এর মধ্যেই বড় ঘোষণা করেছে স্বল্প মূল্যে ফ্যানেদের টিকিট দেওয়ার কথা ঘোষণা করল মোহনবাগান সুপার জায়েন্ট কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শনিবার থেকে অফলাইনে ৫০ এবং ১০০ টাকার টিকিট বিক্রি শুরু হয়। যুবভারতীর বক্স অফিসের সামনে লম্বা লাইন পরে সবুজ মেরুন সমর্থকদের।
২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। সমসংখ্যক ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের পয়েন্ট ৪৫। শেষ ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে হারালেই লিগ শিল্ড জিতে যাবে সবুজ মেরুন।












Click it and Unblock the Notifications