আইএসএল সেমিফাইনালের প্রথম লেগের প্রথমার্ধে অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগান, লড়ছে নর্থইস্ট
আইএসএল সেমিফাইনালের প্রথম লেগের প্রথমার্ধে অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগান, লড়ছে নর্থইস্ট
আইএসএলের হাড্ডাহাড্ডি দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের প্রথমার্ধ শেষে অ্যাডভান্টেজে এটিকে মোহনবাগান। ডেভিড উইলিয়ামসের গোলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এগিয়ে রয়েছে সবুজ-মেরুন। ৪৫ মিনিট শেষে ফলাফল ১-০। আরও বেশি গোলে এগিয়ে থাকতে পারত আন্টোনিও লোপেজ হাবাসের দল।

২০ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে আইএসএলের লিগ পর্ব শেষ করেছে এটিকে মোহনবাগান। গোলপার্থক্যে পিছিয়ে থাকায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে ২০ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে আইএসএলের লিগ পর্ব শেষ করেছে খালিদ জামিলের নর্থইস্ট ইউনাইটেড।
সেমিফাইনালের আগে চলতি টুর্নামেন্টের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। এক বার জিতেছে এটিকে মোহনবাগান। এক বার জিতেছে নর্থইস্ট ইউনাইটেড। তারই নিরিখে দুই দলের মধ্যে যতটা তুল্যমূল্য লড়াই আশা করেছিলেন ফুটবল প্রেমীরা, তার চেয়েও হাড্ডাহাড্ডি হয়েছে ম্যাচের প্রথমার্ধ। লাল জার্সি পরিহিত খালিদ জামিলের নর্থইস্ট প্রথম দশ মিনিট সবুজ-মেরুনের গোলমুখে আক্রমণে ঝড় তোলে। ১৫ মিনিটের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে সাদা জার্সি পরিহিত এটিকে মোহনবাগান।
আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালে ৪-৩-৩ ছকে দল সাজিয়ে খেলা শুরু করেন আন্টোনিও লোপেজ হাবাস। এদিন শুরু থেকেই রাইট ব্যাকে প্রবীর দাস ও মাঝমাঠে জাভি হার্নান্ডেজকে খেলিয়ে নর্থইস্টের ওপর চাপ বাড়ানোর মরিয়া চেষ্টা করেন এটিকে মোহনবাগানের হেড কোচ। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস ও মনবীর সিং-কে ওপরে খেলিয়ে মার্সেলিনহো-কে নিচ থেকে প্রেস করান স্প্যানিশ কোচ।
এই ছকেই প্রথমার্ধে বাজিমাত করে এটিকে মোহনবাগান। ম্যাচের ৩৫ মিনিটে রয় কৃষ্ণর পাস থেকে নর্থইস্টের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন উইলিয়ামস। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও সফলতা পায়নি। বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি নর্থইস্ট ইউনাইটেডও। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধে শেষে মাঠ ছাড়ে কলকাতার দল।












Click it and Unblock the Notifications