Durand Cup 2024: ডুরান্ড কাপে মহমেডানকে হারাল বেঙ্গালুরু এফসি, নক আউটে সুনীল ছেত্রীরা
Durand Cup 2024: ডুরান্ড কাপের নক আউটে পৌঁছে গেল বেঙ্গালুরু এফসি। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারালেন সুনীল ছেত্রীরা।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বেঙ্গালুরু এফসি। শেষ ১০ মিনিট সাদা কালো শিবিরকে খেলতে হয় ১০ জনে। তারই মধ্যে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি মহমেডান।

গ্রুপ বি-র তিনটি ম্যাচে জিতেই নক আউটে গেল বেঙ্গালুরু এফসি। হেড কোচ জেরার্ড জারাগোজা এদিন পাঁচটি পরিবর্তন এনেছিলেন প্রথম একাদশে। শুরু থেকে নামান জর্জ পেরেরা দিয়াজ, মহম্মদ সালাহ, বিনীত ভেঙ্কটেশ, সুরেশ সিং ও লালরেমৎলুয়াঙ্গাকে।
মহমেডান হেড কোচ হাকিম সেনগেন্ডো তারুণ্য নির্ভর দল নামান। আক্রমণে রাখেন অ্যাশলে কোলি ও রবিনসন সিংকে। ৭ মিনিটের মাথায় সালাহর কর্নার থেকে ভেসে আসা বল চিংলেনসানা সিংয়ের মাধ্যমে পেয়ে যান অরক্ষিত আলেকজান্ডার জোভানোভিচ, তিনি গোল করতে কোনও ভুল করেননি।
এরপর রায়ান উইলিয়ামস ও জর্জ পেরেরা দিয়াজ বারেবারেই মহমেডান রক্ষণকে চ্যালেঞ্জের মুখে ফেলতে থাকেন। জোভানোভিচ, দিয়াজদের ব্যবধান বাড়াতে দেননি মহমেডান গোলরক্ষক শুভজিৎ ভট্টাচার্য। ২২ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় মহমেডান।
পেরেরা দিয়াজের প্রয়াস বিপন্মুক্ত করতে গিয়েছিলেন ডিফেন্ডার দীপু হালদার, কিন্তু তা জালে জড়াতেই আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় বেঙ্গালুরু। এরপরেও আক্রমণাত্মক রণকৌশল থেকে সরেনি তারা। কিন্তু মহমেডান প্রথমার্ধে আর গোল হজম করেনি ডিফেন্ডাররা সতর্ক থাকায়।
বিরতির পর মাঠে নামেন সুনীল ছেত্রী ও আলবার্তো নগুয়েরা। নগুয়েরার থেকে বল পেয়ে তা গোলে পাঠান বিনীত ভেঙ্কটেশ। ৬০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রী চনমনে ফুটবল উপহার দিলেন। তাঁর থেকে পাওয়া বল শ্রেয়স কেৎকার, বিনীতরা গোলে পাঠাতে পারলে বেঙ্গালুরুর লিড বাড়তে পারতো।
মহমেডান ৭৭ মিনিটে প্রথম গোলটি পায়। অ্যাশলে কোলির ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন ইসরাফিল দেওয়ান। যদিও এর কিছু পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মহমেডান গোলরক্ষক শুভজিৎ। তিনি পেরেরা দিয়াজকে রুখতে গিয়ে যে ট্যাকল করেন, তার জন্য সরাসরি লাল কার্ড দেখেন। ফলে ডিফেন্ডার দীপুই গোলরক্ষকের দায়িত্ব সামলান।
দীপু ঝাঁপিয়ে পড়ে সুনীল ছেত্রীর গোলের একটি প্রয়াস রুখেও দেন। ১০ জনে খেললেও শেষের দিকে বলের দখল বেশি রেখেছিল মহমেডান। ইনজুরি টাইমে মহীতোষ রায়ের গোলে মহমেডান ব্যবধান কমিয়ে ২-৩ করে। যদিও শেষ অবধি তিন পয়েন্ট আদায় করে নিয়ে নক আউটে চলে গেল বেঙ্গালুরু এফসি।












Click it and Unblock the Notifications