Copa America : বলিভিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচও খেলতে মরিয়া মেসি ইতিহাসের দোরগোড়ায়
Copa America : বলিভিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচও খেলতে মরিয়া মেসি কোন রেকর্ডের সামনে?
কোপা আমেরিকায় নিজেদের শেষ গ্রুপের ম্যাচ খেলতে নামছে আর্জেন্তিনা। ইতিমধ্যেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়া নীল-জার্সির দলের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও তাতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন লিওনেল মেসি। একাধারে এক অনন্য রেকর্ড গড়ার মুখেও দাঁড়িয়ে রয়েছেন এলএম টেন। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বলিভিয়ার বিরুদ্ধে খেলতে মরিয়া মেসি
ভারতীয় সময় মঙ্গলবার ভোরে কোপা আমেরিকায় নিজেদের শেষ গ্রুপের ম্যাচ খেলতে নামছে আর্জেন্তিনা। ইতিমধ্যেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়া নীল-জার্সির দলের কাছে এই ম্যাচ নিয়মরক্ষারই হতে চলেছে। নক আউট পর্বের দিকে তাকিয়েআর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি বলিভিয়া ম্যাচে তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দিতে চান। কিন্তু ছয় বারের ব্যালন ডি'অর জয়ী নিজেই তাতে রাজি হচ্ছেন না বলে জানানো হয়েছে। এর অর্থ গ্রুপের শেষ ম্যাচেও অ্যাঞ্জেল দি মারিয়া, সার্জিও আগুয়েরোর পাশে ১০ নম্বর জার্সিধারীকে স্বমহিমায় দেখা যেতে পারে।

কোপা আমেরিকা জয়ই লক্ষ্য
২০০৭ থেকে এখনও পর্যন্ত পাঁচটি কোপা আমেরিকা টুর্নামেন্ট খেলে ফেললেও কাপ ঘরে তুলতে পারেননি লিওনেল মেসি। টুর্নামেন্টের ২০১৫ এবং ২০১৬ সালের সংস্করণের ফাইনালে চিলির কাছে হারতে হয়েছিল নীল-সাদা জার্সির দলকে। ২০১৯ সালের কোপা আমেরিকা টুর্নামেন্টে ব্রাজিলের বিরুদ্ধে সেমিফাইনাল হারতে হয়েছিল আর্জেন্তিনাকে। তাই এবার কাপ জিততে মরিয়া হয়ে রয়েছেন লিওনেল মেসি। কারণ কোপা আমেরিকার পরবর্তী সংস্করণ অর্থাৎ ২০২৪ সালে দেশের জার্সিতে আদৌ মেসিকে মাঠে নামতে দেখা যাবে কিনা, তা নিশ্চিত নয়।

রেকর্ড গড়ার মুখে মেসি
ভারতীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বলিভিয়ার বিরুদ্ধে লিওনেল মেসি খেলতে নামলে এক অনন্য রেকর্ডের মালিক হবেন। দেশের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়বেন এলএম টেন। এখনও পর্যন্ত আর্জেন্তিনায়র হয়ে ১৪৭টি ম্যাচ খেলে মাসচেরানোর সঙ্গে একই তালিকায় রয়েছেন লিও। বলিভিয়ার বিরুদ্ধের ম্যাচটি মেসির কেরিয়ারের ১৪৮তম ম্যাচ হতে চলেছে। দেশের হয়ে এখনও পর্যন্ত ৭৩টি গোল এসেছে আর্জেন্তেনিয় তারকার বুট থেকে।

কোপা আমেরিকায় আর্জেন্তিনার অবস্থান
ব্রাজিলে চলতে থাকা কোপা আমেরিকার এ গ্রুপে খেলছে আর্জেন্তিনা। টুনামেন্টে এখনও পর্যন্ত তিনটি ম্যাচে অংশ নিয়েছে লিওনেল মেসির দল। দুটি জয় ও একটি ড্র সহ ৭ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। তা সত্ত্বেও শেষ ম্যাচ জিততে মরিয়া লিওরা।












Click it and Unblock the Notifications