Argentina Team: লিওনেল মেসির চোট, ১১ বছর পর মাঠে নামবে অচেনা আর্জেন্তিনা
Argentina Team: আনহেল দি মারিয়া অবসর নিয়েছেন। লিওনেল মেসির চোট। আর তাতেই ফুটবলপ্রেমীরা সাক্ষী থাকবেন অচেনা আর্জেন্তিনাকে দেখার।
১১ বছর পর যা ঘটতে চলেছে। উল্লেখ্য, শেষবার ২০১৩ সালে একটি ম্যাচে মেসি ও দি মারিয়াকে ছা়ড়াই খেলতে নেমেছিল আর্জেন্তিনা।

দি মারিয়ার অবসরের পর আগামী বিশ্বকাপে মেসিও খেলবেন কিনা তা নিয়েই প্রশ্নচিহ্ন রয়েছে। মেসি অবশ্য অবসরের কোনও ইঙ্গিত এখনও অবধি দেননি। যদিও আর্জেন্তিনা ২৮ সদস্যের যে দল ঘো ষণা করেছে তাতে জাতীয় দলে ট্রানজিশনের আভাস মিলেছে।
লিওনেল স্কালোনির প্রশিক্ষণাধীন আর্জেন্তিনা চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। তার জন্য যে দল ঘোষণা হয়েছে তাতে মেসি, দি মারিয়া ছাড়াও নেই পাওলো দিবালা। মেসি কোপা আমেরিকার ফাইনাল চলাকালীন চোট পেয়েছিলেন। তা সারিয়ে এখনও অবধি ম্য়াচ খেলার পরিস্থিতিতে মেসি পৌঁছননি বলেই জানা যাচ্ছে।
কোপা আমেরিকায় কলম্বিয়ার বিরুদ্ধে ফাইনালে মেসি কোনও ফুটবলারের সঙ্গে সংঘর্ষে চোট পাননি। তবু চোখের জল ফেলে মাঠ ছেড়েছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। যদিও ১৫ জুলাইয়ের সেই ম্যাচে মেসি বলে কিক করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই তাঁকে বেরিয়ে যেতে হয়েছিল। কলম্বিয়ার সান্তিয়াগো আরিয়াসের পায়ে সেই সময় লেগেছিল মেসির ডান পা।
সেই সময়েও মেসি ছিলেন যন্ত্রণাকাতর। ট্রেনার মাঠে ছুটে যান। সাময়িক সাইডলাইনের বাইরে গিয়ে শুশ্রূষা নিয়ে ফের মাঠে নেমেছিলেন। কোপা আমেরিকা চলাকালীন গ্রুপ পর্বেও মেসিকে ভোগাচ্ছিল পায়ের চোট। ফাইনালে পুরো খেলতে পারেননি। ইন্টার মায়ামির হয়ে নামতে পারেননি লিগস কাপ ও মেজর লিগ সকারের ম্যাচেও।
২০১৪ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ার পর ২০১৩ সালে যোগ্যতা অর্জন পর্বের খেলায় মেসি ও দি মারিয়াকে ছাড়া খেলেছিল আর্জেন্তিনা। ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ৬ সেপ্টেম্বর চিলি ও ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্তিনা।
আর্জেন্তিনা দল: গোলকিপার- ওয়াল্টার বেন্তেজ, জার্মিনো রুল্লি, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্তিনেজ।
ডিফেন্ডার- গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পাজেল্লা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, লিজান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্টিন বার্কো।
মিডফিল্ডার- লিওনার্দো পারেদেস, গুইডো রদ্রিগেজ, আলেক্সিস ম্যাক অ্যালিসটার, এঞ্জো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, ইজেকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দে পল।
ফরওয়ার্ড- নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গার্নাচো, মাতাস সুলে, জুলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কার্বনি, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্তিনেজ, ভ্যালেন্টিন ক্য়াস্তেলানোস।












Click it and Unblock the Notifications