West Bengal Weather Update: নতুন সপ্তাহে ঊর্ধ্বমুখী পারদ, পশ্চিমী ঝঞ্ঝায় উধাও কনকনে শীত; জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: ডিসেম্বরের পর নতুন বছরের জানুয়ারিতেও শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbances)। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের (Depression) জেরে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ থাকলেও চলতি সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা (Temperature rise)। এমনকী, সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রা কিছুটা কমবে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে তা হবে ক্ষণস্থায়ী। ২৪ ঘণ্টার মধ্যেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। সোমবার থেকে ধাপে ধাপে বাড়বে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৩ ডিগ্রিতে। মঙ্গলবার ও বুধবার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
আবার, নতুন সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৭ ডিগ্রি ও ১৮ ডিগ্রি থাকার সম্ভাবনা। ওই দুদিন সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২৯ ও ৩১ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে বলে পূর্বাভাস।
অর্থাৎ, আগামী সপ্তাহেও রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতা ও গাঙ্গেয় বঙ্গে শীতের দাপট কার্যত থাকবে না বলেই ধরা যেতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশও পরিষ্কার থাকবে। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা প্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। শীত না ফিরলেও শীতের আমেজটুকু কেবল বজায় থাকবে।
এদিকে, উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই মুহূর্তে সেখানে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। হালকা কুয়াশা পড়তে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ঘন কুয়াশার সতর্কতা না থাকায় দৃশ্যমানতা বাড়বে।
পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। তার প্রভাব পড়তে পারে সিকিমের উপর। যার উপর নির্ভর করছে উত্তরবঙ্গের আবহাওয়া। তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications