হেডিংলের একাদশ থেকে বাদ পড়তে পারেন পূজারা, টিম ইন্ডিয়ায় টেস্ট অভিষেক হতে পারে এক ব্যাটসম্যানের
হে়ডিংলেতে ভারতীয় টেস্ট দলে অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের, বাদ পড়তে পারেন চেতেশ্বর পূজারা।
আর ২৪ ঘণ্টা পরেই হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বড় দুটি পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছে। আগামী ম্যাচে চেতেশ্বর পূজারার বাদ পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। লিডস টেস্টে ভারতীয় দলে অভিষেক হতে পারে এক ব্যাটসম্যানের। তাঁর নাম জেনে নেওয়া যাক। ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে আর কোন পরিবর্তন করা হবে কিনা, তাও দেখে নেওয়া যাক।

সূর্যকুমারের অভিষেক
লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার ব্যাট থেকে কিছু রান এলেও তাঁর আগের দীর্ঘ ব্যর্থতা যে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে পাশে দাঁড়ালেও হেডিংলে টেস্টে ফার্স্ট ডাউন ব্যাটসম্যানকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে বলে খবর। পরিবর্তে জাতীয় টেস্ট দলে অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে দেরিতে হলেও টিম ইন্ডিয়ার সীমিত ওভারের দলে জায়গা করে নিয়েছেন মুম্বইকর। দেশের হয়ে তিনটি ওয়ান ডে ও চারটি টি২০ ম্যাচ খেলে সূর্যের ব্যাট থেকে যথাক্রমে ১২৪ ও ১৩৯ রান এসেছে। তারই সিঁড়ি বেয়ে ভারতীয় টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন ডান হাতি ব্যাটসম্যান। লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সূর্যের টেস্ট অভিষেক হয় কিনা, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।

জাদেজার পরিবর্তে অশ্বিন
লিডসে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে রবীন্দ্র জাদেজার পরিবর্তে রবিচন্দ্রণ অশ্বিনকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা ইংল্যান্ড সফর ধরলে এখনও পর্যন্ত দুটি উইকেটের বেশি অর্জন করতে পারেননি জাদেজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে নির্বাচিত কাউন্টি দলের বিরুদ্ধে ম্যাচে একটি করে উইকেট নিয়েছিলেন জাড্ডু। অন্যদিকে কিউয়িদের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার উইকেট নেওয়া অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ওভালে হওয়া এক কাউন্টি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। চলতি বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অশ্বিনের অল রাউন্ড পারফরম্যান্স তাঁকে লিডস টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরিয়ে আনবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে এই সম্ভাবনা খুব ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।

ফিট শার্দুলও
চোটের জন্য লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি শার্দুল ঠাকুর। তবে তৃতীয় টেস্টের আগে তিনি ম্যাচফিট হয়ে গিয়েছেন বলে জানিয়েছেন অজিঙ্ক রাহানে। হেডিংলেতে তরুণ ফাস্ট বোলার টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তা পরিবেশ, পরিস্থিতি ও কম্বিনেশনের ওপর নির্ভর করবে বলেও জানিয়েছেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। তবে তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলিং কম্বিনেশনে কোনও পরিবর্তন আনা হবে না বলেই মনে করা হচ্ছে।

কেমন হতে পারে প্রথম একাদশ
আগামী ২৫ অগাস্ট থেকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। লিডসের হেডিংলেতে হবে ম্যাচ। মোকাবিলার প্রস্তুতি নিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন দুই দলের খেলোয়াড়েরা। ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে, তার একটা আভাস নেওয়া যাক-
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা/সূর্যকুমার যাদব, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন/রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ।












Click it and Unblock the Notifications