T20 World Cup 2024: শনিবার টিম ইন্ডিয়ার মার্কিন মুলুক যাত্রা, প্রথম দফায় যাচ্ছেন কোন কোন ভারতীয় ক্রিকেটাররা?
শেষের পথে আইপিএল, এবার টিম ইন্ডিয়ার মিশন বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপ খেলতে শনিবারই মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে যাচ্ছে ভারতীয় দলের প্রথম ব্যাচের সদস্যরা। আইপিএল থেকে বিদায় নেওয়া দলগুলিতে যে সমস্ত ভারতীয় ক্রিকেটার বিশ্বকাপের স্কোয়াডে আছেন তারাই মূলত শনিবার নিউইয়র্কের বিমান ধরবেন। ক্রিকেটারদের সঙ্গে থাকবেন কোচ রাহুল দ্রাবিড় এবং সাপোর্ট স্টাফরা।
প্রথম ব্যাটের সদস্য হিসাবে কারা যাচ্ছেন শনিবার? সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের একটি সূত্র জানিয়েছেন, 'অধিনায়ক রোহিত শর্মা, সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, সূর্যকুমার যাদব সহ আরও কয়েকজন ক্রিকেটার প্রথম ব্যাচের সদস্য থাকছেন। তাঁদের সঙ্গে রওনা দেবেন দলের কোচিং স্টাফরাও।'

রাজস্থান রয়্যালস থেকে রয়েছেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহাল। ট্রাভেলিং রিজার্ভে রয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। এ ছাড়াও রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং, রাজস্থান রয়্যালসের আবেশ খান ও দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ। ফলে মূল দলের তিনজন এবং রিজার্ভ দলের দুই ছাড়া বিশ্বকাপের সব ভারতীয় ক্রিকেটারই আইপিএল থেকে মুক্ত হয়েছেন। তবে শনিবার বিরাট কোহলি দলের সঙ্গে যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
২৬ মে আইপিএল ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়রা পরবর্তী তারিখে রওনা হবেন। কোচ দ্রাবিড়ের কাছে বাড়তি চ্যালেঞ্জ অল্প সময়ের মধ্যেই বিশ্বকাপের জন্য দলকে তৈরি করা।
ভারতীয় খেলোয়াড়রা সামান্য বেশি সুযোগ পাবে কারণ, টিম ইন্ডিয়া কয়েকদিন পর অভিযান শুরু করবে। ভারত, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সমস্ত গ্রুপ ম্যাচ খেলবে, নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। ৯ জুন মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান।১২ জুন আমেরিকার বিরুদ্ধে ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে। সুপার এইটের ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে।
ভারত বিশ্বকাপের আগে একটি মাত্র অনুশীলন ম্যাচ খেলবে ১ জুন। সেটা বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর অনুসারে, নিউ ইয়র্কের এইসেনহওয়ার পার্কে খেলবে। এই একই স্টেডিয়ামে ৯ জুন ভারত পাকিস্তান ম্যাচ হবে। ফলে শাকিবদের বিরুদ্ধে ম্যাচটাকে রোহিতরা পাকিস্তানের ম্যাচের প্রস্তুতি হিসেবেও দেখছে।












Click it and Unblock the Notifications