সচিন বনাম বিরাটের লড়াইয়ে কাকে এগিয়ে রাখলেন এই ভারতীয় অল-রাউন্ডার
সচিন বনাম বিরাটের লড়াইয়ে কাকে এগিয়ে রাখলেন এই ভারতীয় অল-রাউন্ডার
একজনকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর। কার্যত বিশ্বের সব ক্রিকেট রেকর্ডই রয়েছে এই কিংবদন্তির ঝুলিতে। আর দ্বিতীয় জন এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। ধারাবাহিকা এবং আগ্রাসানই যাঁর মূল অস্ত্র। সেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির মধ্যে কী পার্থক্য, তা জানালেন ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না।

সচিন তেন্ডুলকরের কেরিয়ার
ভারতের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ান ডে খেলা সচিন তেন্ডুলকর দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬ রান করেছেন। ১০০টি আন্তর্জাতিক শতরান ও একটি ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে তাঁর ঝুলিতে। ওয়ান ডে-তে একটি দ্বিশতরানও রয়েছে তাঁর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছিলেন তিনি।

বিরাট কোহলির কেরিয়ার
ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। ২০১১-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন বিরাট। অধিনায়ক হিসেবেও তাঁর রেকর্ড চমকপ্রদ।

সচিন সম্পর্কে রায়না
২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সুরেশ রায়না। সেই দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া সচিন তেন্ডুলকরের প্রধান শক্তি তাঁর শান্ত, সমাহিত চরিত্রে লুকিয়ে রয়েছে বলে মনে করেন ভারতীয় বাঁ-হাতি। রায়নার কথায়, ২০১১-র বিশ্বজয়ের পিছনে সচিনের অভিজ্ঞতা এবং পেপটক বড় ভূমিকা নিয়েছিল।

সচিন যেন মেসি
ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরকে ফুটবল লেজেন্ড লিওনেল মেসির সঙ্গে মিলিয়েছেন সুরেশ রায়না। তাঁর কথায়, দুই তারকাই মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন। সচিন এবং মেসি তাঁদের আশেপাশের মানুষদের খুশি রাখার চেষ্টা করেন বলেও জানিয়েছেন সুরেশ রায়না।

বিরাট সম্পর্কে রায়না
আগ্রাসানই বিরাট কোহলির পরিচিতি বলে মনে করেন সুরেশ রায়না। ভারতীয় বাঁ-হাতির কথায়, ক্রিকেটের তিম ফর্ম্যাটেই দাপিয়ে খেলছেন বিরাট। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবেও দুর্দান্ত ভূমিকা পালন করছেন। বিরাট কোহলিকে ইতিবাচক বলেও আখ্যা দিয়েছেন সুরেশ রায়না।












Click it and Unblock the Notifications