Virat Kohli: বিরাট কোহলির ভারতীয় দলে বন্ধু কমেছে! রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে বোমা ফাটালেন অমিত মিশ্র
Virat Kohli: বিরাট কোহলি ও রোহিত শর্মা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি আইসিসি খেতাব জিততে না পারলেও রোহিত জিতেছেন টি২০ বিশ্বকাপ।
এখন আপাতত ভারতীয় দলের দুই তারকাই ছুটি কাটাচ্ছেন। তারই মধ্যে ভারতীয় ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন অমিত মিশ্র।

অমিত মিশ্র ২০১৬ সালে ভারতের হয়ে শেষ টেস্ট ও ওডিআই খেলেছেন। ২০১৭ সালে খেলেছেন শেষ টি২০ আন্তর্জাতিক। ফলে তিনি বিরাট কোহলির নেতৃত্বে বেশ কিছু ম্যাচ খেলেছেন। অমিতের টেস্ট অভিষেক হয় ২০০৮ সালে, ওডিআই অভিষেক ২০০৩ সালে, ২০১০ সালে খেলেন প্রথম টি২০ আন্তর্জাতিক।
টেস্টে ৭৬টি, ওডিআইয়ে ৬৪টি এবং টি২০ আন্তর্জাতিকে ১৬টি উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। তারই মধ্যে বদলে যেতে দেখেছেন বিরাট কোহলিকে। এমনকী কথা পর্যন্ত বন্ধ। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে এবারের আইপিএলেও খেলা অমিত।
তিনি জানিয়েছেন, ভারতীয় দলে ক্রমাগত বিরাট কোহলির বন্ধু কমার কারণ। অমিতের দাবি, বিরাট কোহলি ও রোহিত শর্মার চারিত্রিক গুণাবলির মধ্যে বিপুল ফারাক রয়েছে। ফলে সচিন তেন্ডুলকর বা মহেন্দ্র সিং ধোনি যেভাবে সতীর্থদের সম্মান আদায় করতে পারেন, বিরাট তার ধারেকাছে নেই বলে দাবি অমিতের।
তিনি বলেন, রোহিত শর্মা কিন্তু এতটুকু বদলাননি। প্রথম দিন তাঁর সঙ্গে সাক্ষাতে যেভাবে দেখেছিলাম, এখনও তিনি একইরকম আছেন। আমি অনেকদিন ভারতীয় দলের সঙ্গে নেই। কিন্তু আইপিএলের সময় যখন রোহিতের সঙ্গে দেখা হয় একইভাবে আমরা গল্প করি, নানারকম মজাদার কথাও চলে।
মন খুলে রোহিতের সঙ্গে কথা বলা যায় বলেও জানান মিশ্র। সে কারণেই রোহিতকে সতীর্থরা পছন্দ করেন। এই স্পিনারের কথায়, রোহিত এখন শীর্ষে। পাঁচবার আইপিএল খেতাব জিতেছেন। টি২০ বিশ্বকাপ জিতেছেন। কিন্তু আমাদের সম্পর্কে তার প্রভাব পড়েনি। একইরকম স্বাভাবিক রয়েছে।
বিরাট কোহলির ডাকনাম চিকু। এর আগে, যুবরাজ সিং জানিয়েছিলেন চিকুর সঙ্গে যে বন্ধুত্ব ছিল, তা আর একইরকম থাকেনি পরবর্তীকালে। একই ধরনের কথা বললেন অমিত মিশ্রও। তিনি জানালেন, বিরাট কোহলির মধ্যে অনেকটাই পরিবর্তন এসেছে। সে কারণে কমেছে বন্ধুর সংখ্যা।
অমিত মিশ্র বলেন, আমি বিরাটকে অনেক বদলে যেতে দেখেছি। সে কারণে কথা বলাও প্রায় বন্ধ করেছি। খ্যাতি বা ক্ষমতা পেয়ে গেলে অনেকে ভাবেন, তাঁদের সঙ্গে কেউ কথা বলতে যাচ্ছেন কোনও উদ্দেশ্য নিয়ে। চিকুর যখন ১৪ বছর বয়স, তখন থেকে আমি তাঁকে চিনি। তখন চিকু রোজ রাতে সামোসা বা পিৎজা খেতেন।
কিন্তু সেই চিকু আর অধিনায়ক বিরাট কোহলির মধ্যে আকাশ-পাতাল ফারাক লক্ষ্য করেছেন অমিত মিশ্র। তিনি বলেন, এখনও দেখা হলে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকে। কিন্তু সম্পর্ক একেবারেই আগের মতো নেই।












Click it and Unblock the Notifications