কেন ভারতীয় দলে আনফিট বরুণ, প্রশ্নের মধ্যেই আলোচনায় বিসিসিআইয়ের ২ কিমি টেস্টও
আরও একবার ফিটনেস টেস্টে ফেল করলেন ভারতীয় স্পিনার, এনসিএ-তে বাঁ-হাতি ফাস্ট বোলার
ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আরও একবার বিসিসিআই নির্ধারিত ফিটনেস টেস্টে অকৃতকার্য হয়েছেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী। অপেক্ষায় রয়েছে রাহুল তেওয়াটিয়া। এই অবস্থায় বিসিসিআইয়ের নতুন ২ কিমি ফিটনেস টেস্ট নিয়েও প্রশ্ন ওঠার পাশাপাশি বরুণের সমালোচনাও চলছে সমান তালে। আনফিট স্পিনারকে কেন বারবার জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে, বিসিসিআইকে সেই প্রশ্নও শুনতে হচ্ছে।

এর আগেও একবার বিসিসিআইয়ের তরফে নতুনভাবে অন্তর্ভূক্ত করা দুই কিলোমিটার টেস্টে ফেল করেছিলেন বরুণ। তারও আগে কাঁধে চোট পেয়ে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গিয়েছিলেন কেকেআর স্পিনার। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে বরুণের রিহ্যাবিলেশন হয়। ফিট হয়ে ওঠা কেকেআর স্পিনারকে ঘরের মাঠে ইংল্যান্ডে বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে অন্তর্ভূক্ত করা হয়েছিল।
সিরিজ শুরুর আগে দলের প্রতি ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা করায় বিসিসিআই। দুই কিলোমিটার টেস্টে প্রথমবার অকৃতকার্য হয়েছিল বরুণ চক্রবর্তী। দ্বিতীয় টেস্টেও ফেল করেছেন এই ভারতীয় স্পিনার। প্রথম ফিটনেস টেস্টে অকৃতকার্য হওয়া ভারতীয় অল রাউন্ডার রাহুল তেওয়াটিয়াকে আরও একটি সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য আইপিএল ২০২০ চলার সময় একাধিকবার বরুণ চক্রবর্তীর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তা সত্ত্বেও কেবল পারফরম্যান্সের নিরিখে তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে দেখে ক্ষুব্ধই হয়েছেন ক্রিকেট প্রেমীদের একাংশ। তাঁদের বক্তব্য, বরুণ ফিট না হওয়া সত্ত্বেও কেন তাঁকে বারবার ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে।
এর আগেই বিসিসিআইয়ের ২ কিমি টেস্টে ফেল করছিলেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। যদিও তাঁরা প্রত্যেকেই পরের প্রচেষ্টায় সফল হন বলে জানানো হয়। নতুন ফিটনেস টেস্ট অনুযায়ী ফাস্ট বোলারদের ২ কিলোমিটার দূরত্ব ৮ মিনিট ১৫ সেকেন্ড অতিক্রম করতে হবে। অন্যদিক স্পিনার, উইকেটরক্ষক এবং ব্যাটসম্যানদের একই দূরত্ব ৮ মিনিট ৩০ সেকেন্ডে অতিক্রম করার কথা।
উল্লেখ্য এর আগে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস খতিয়ে দেখতে ইয়ো ইয়ো টেস্ট অন্তর্ভূক্ত করা হয়েছিল। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার অকৃতকার্য হওয়ার পর এই ফিটনেস পরীক্ষা নিয়ে সমালোচনা হয়। একই ভাবে বিসিসিআইয়ের নব অন্তর্ভূক্ত দুই কিমি টেস্ট নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ।












Click it and Unblock the Notifications