Tamim Iqbal: খেলার মাঠে অসুস্থ তামিম ইকবাল, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক
খেলার মাঠে অসুস্থ তামিম ইকবাল। বাংলাদেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময়ই অসুস্থ হন তামিম। বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তামিমের হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগে মহমেডান ক্লাবের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। কিন্তু এরপরই অসুস্থ বোধ করেন তামিম। তাঁর বুকে ব্যথা অনুভূত হয়। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তামিমকে । কিন্ত অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানেই তারকা ক্রিকেটারের চিকিৎসা শুরু হয়েছে। তামিমের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে গিয়েছেন।

তামিমের দল মহমেডান ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম বাংলাদেশের একটি প্রথমসারির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে নিকটবর্তী ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, তামিম ইকবাল বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।
তামিমের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট মহলে। বিসিবির নির্ধারিত বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে তার ভাই নাফিস ইকবাল ও স্ত্রী দ্রুত হাসপাতালে পৌঁছেছেন। ভক্তরা তার দ্রুত আরোগd? আরোগ্য কামনা করছেন। চিকিৎসকরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত উন্নতি হওয়ার আশা করছেন। হাসপাতালে রয়েছেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তামিমের অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর হৃদ্যন্ত্রে ব্লক পাওয়া গিয়েছে।
সোমবার দুপুরের পর তামিমের স্বাস্থ্যের বিষয়ে আপডেট দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মঈনুল আহসান। তিনি বলেছেন, তামিম ইকবাল হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয়েছে এবং ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। তাই জরুরিভিত্তিতে সেখানে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়বে, এরফলে তামিম দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা হচ্ছে। বছর কয়েক আগে নিজের গৃহে জিম করার সময় অসুস্থ হন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে জানা যায় তাঁর হার্টে ব্লকেজ রয়েছে। ক্রিকেটাররা অত্যন্ত শরীর সচেতন থাকেন। কিন্তু তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়া অত্যন্ত উদ্বেগজনক।












Click it and Unblock the Notifications