T20 World Cup: দরকার মাত্র একটি ম্যাচে জয়, বাংলাদেশের বিরুদ্ধে অনন্য রেকর্ডের হাতছানি রোহিতের সামনে
শনিবার চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। এই ম্যাচে টিম ইন্ডিয়াকে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে হবে। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে ভারতের। সেইসঙ্গে এই ম্যাচে একটি অনন্য রেকর্ডরে সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা।
অধিনায়ক হিসাবে এর আগে একাধিক রেকর্ড গড়েছেন। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে সর্বাধিক টি২০ ম্যাচ জয়ের কৃতিত্ব হিটম্যানের দখলে। শনিবার আরও একটি রেকর্ড গড়তে পারেন রোহিত। টি২০ বিশ্বকাপে অধিনায়ক হিসাবে সর্বাধিক জয়ের নিরিখে ইংল্যান্ডের পল কলিংউডের সঙ্গে একই সংখ্যায় রয়েছেন রোহিত।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮ ম্যাচে জয় পেয়েছিলেন। রোহিত ১০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ইতিমধ্যেই আটটি ম্যাচ জিতিয়েছেন। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারলেই এককভাবে সেই রেকর্ডের অধিকারী হবেন ভারত অধিনায়ক। সেই সঙ্গে বিশ্বকাপের এলিট লিস্টেও নিজের নাম অর্ন্তভুক্ত করতে পারবেন রোহিত।
রোহিতের নেতৃত্বের চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ ম্যাচে অপরাজিত ভারত। এরমধ্যে চারটিতে জয় পেয়েছে দল, একটি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। রোহিত-বিরাটের ওপেনিং জুটি এখনও অবধি টি-২০ বিশ্বকাপে বিশেষ দাগ কাটতে পারে নি। রান নেই দুই মহাতারকার ব্যাটে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি করেছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বাকি ম্যাচগুলিতে বড় রান পাননি তিনিও।
সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ। আইপিএলেও ওপেন করেন বিরাট কোহলি। সেই সাফল্য দেখেই বিরাটকে ওপেন করানোর দাবি উঠেছিল বিশ্বকাপে। এখনও অবধি সিদ্ধান্ত ভুল প্রমাণ হয়েছে।
অন্যদিকে সুপার এইট পর্বে বাংলাদেশ ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। ফলে তারাও এই ম্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকবে।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেছিল। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ডিএলএস পদ্ধতিতে এই ম্যাচটা ২৮ রানে জয়লাভ করে। সেকারণে বাংলাদেশের নেট রানরেটেও অনেকটাই ক্ষতি হয়েছে।
অ্যান্টিগায় স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। আবহাওয়ার রিপোর্ট অনুসারে, সকাল ১০-১১ টার মধ্যে প্রায় ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরে আবহাওয়া পরিষ্কার হতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারত ও বাংলাদেশ এই দুই দলের মধ্যে খেলা হয়েছে মোট ১৪টি ম্যাচ। এর মধ্যে ১৩টিতে জিতেছে ভারত, যেখানে বাংলাদেশ টিম ইন্ডিয়াকে মাত্র একবার হারাতে পেরেছে।












Click it and Unblock the Notifications