T20 World Cup 2024: ২৫ ডলারেই হাতের কাছে পাকিস্তানের তারকারা! প্রাইভেট ডিনার নিয়ে বিতর্কের ঝড়
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে অভিযান শুরুর আগে জোরালো বিতর্ক পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে। প্রাক্তন ক্রিকেটার থেকে সমর্থকরা, সকলেই প্রচণ্ড ক্ষুব্ধ।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রাইভেট ডিনার। যেখানে ২৫ ডলার দিয়েই ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে পেরেছেন ক্রিকেটপ্রেমীরা।

কাল ডালাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাকিস্তানের। বৃষ্টির কারণে পাকিস্তানের অনুশীলন ব্যাহত হয়েছে বলেও জানা গিয়েছে। এরই মধ্যে রাত সাড়ে ১১টা থেকে ১টা অবধি প্রাইভেট ডিনারে গিয়েছিলেন পাকিস্তান দলের কয়েকজন ক্রিকেটার। তা নিয়েই বিতর্ক।
অনেকেই বলছেন, টি২০ বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সেখানে দলের অনুশীলন, কম্বিনেশন ঠিক করাতেই ফোকাস রাখা উচিত। দলের সঙ্গে হেড কোচ-সহ সাপোর্ট স্টাফ, ম্যানেজার-সহ প্রশাসনিক ব্যক্তিরা রয়েছেন। তাঁরাই কীভাবে অনুমোদন দিলেন?
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ এক্স হ্যান্ডলে একটি অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছেন। সেখানে এক ক্রিকেটপ্রেমীকে বলতে শোনা গিয়েছে, এটি কোনও ব্যক্তিগত সফর নয়। দেশের জন্য কর্তব্য পালনে আমেরিকায় গিয়েছেন ক্রিকেটাররা। সেখানে পাকিস্তান দলের নাম ব্যবহার করে এমন অনুষ্ঠান। ক্রিকেটারদের কাছে আসতে মাত্র ২৫ ডলার কেন? এই এন্ট্রি ফি-তো বেশি রাখাই যেত।
বিষয়টিকে সমর্থন করেননি রশিদ লতিফ। তাঁর কথায়, ভাগ্যিস অটোগ্রাফ বা ছবি তোলার বিনিময়ে ক্রিকেটাররা পয়সা কামাচ্ছেন এমন অভিযোগ এখনও আসেনি। অনেক সময় অনেকে ক্রিকেটারদের আমন্ত্রণ জানান। হাজির থাকার জন্য কত পরিমাণ অর্থ লাগবে, সেই প্রশ্নই করেন ক্রিকেটাররা।
রশিদের কথায়, আইসিসির অফিসিয়াল ডিনার থাকে। অনেক সময় চ্যারিটির জন্য ডিনার আয়োজন করা হয়। সেখানে দল যেতেই পারে। ওইসব জায়গায় কোনও প্রবেশমূল্য লাগে না। হতেই পারে কেউ আমন্ত্রণ জানালেন, কারও রেস্তরাঁতে গেলেও আপত্তির কিছু নেই। কিন্তু কোনওভাবেই বিষয়টি বাণিজ্যিক হওয়া উচিত নয়। টি২০ বিশ্বকাপ চলছে, সেখানে ক্রিকেটারদের সতর্ক থাকা জরুরি। কেউ তাঁদের নিয়ে বাণিজ্যিক ইভেন্ট আয়োজন করে থাকলেও সেখানে যাওয়া উচিত হয়নি পাকিস্তান ক্রিকেটারদের। পাকিস্তানের ক্রিকেট যেখানে জড়িয়ে, সেখানে এমন ভুল কাঙ্ক্ষিত নয়।












Click it and Unblock the Notifications