বিরাট কোহলির নেতৃত্বাধীন টেস্ট দলকে বিশাল সার্টিফিকেট সুনীল গাভাসকরের
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল দেশের সর্বকালের সেরা টেস্ট দল হওয়ার দিকেই এগোচ্ছে। তবে তার মধ্যে দুটি সফর বিশেষ গুরুত্বপূর্ণ। একটি ইংল্যান্ড এবং অপরটি দক্ষিণ আফ্রিকা সফর। নিজের কলামে এমনই মত ব্যক্ত করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর।

ইংল্যান্ড সফরের গুরুত্ব
ইংল্যান্ডেও এখন গ্রীষ্মকাল। ইংল্যান্ডের সামার ভারতীয় দলের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তারপর অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। সুনীল গাভাসকর তাঁর কলামে লিখেছেন, ইংল্যান্ডের এই গ্রীষ্মকাল ভারতের কাছে গোল্ডেন সামার হতেই পারে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পর ইংল্যান্ডেই ছয় সপ্তাহ কাটাবে ভারতীয় দল। টেস্ট সিরিজে ইংল্যান্ডের চ্যালেঞ্জ সামলানোর জন্য প্রস্তুত হতে যা যথেষ্ট সময়। আমি নিশ্চিত অনুশীলন ম্যাচ খেলে সেই চ্যালেঞ্জ সামলাতে তৈরি থাকবে ভারত।

পিচ কেমন হবে
ইংল্যান্ড যখন ভারত সফরে এসে টেস্ট সিরিজ হারে সেই সিরিজের প্রথম থেকেই চর্চায় ছিল উইকেট। এমনকী ইংল্যান্ড চেন্নাইয়ে প্রথম টেস্ট জেতার পরও। সীমিত ওভারের শেষ পর্যন্ত অব্যাহত থাকে ঘূর্ণি পিচ নিয়ে নানা সমালোচনা। অভিজ্ঞ সুনীল গাভাসকর মনে করেন, ইংল্যান্ডের পিচে ঘাস রাখা হলে অবাক হওয়ার কিছু নেই। তবে চিন্তারও কিছু নেই। কেন না, ভারতের যে বোলিং আক্রমণ রয়েছে তা ওই ধরনের উইকেটে ইংল্যান্ডের ব্যাটসম্যানদেরও সমস্যায় ফেলতেই পারে।

দক্ষিণ আফ্রিকা সফর
চলতি বছরের শেষে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। সুনীল গাভাসকরের ধারণা, দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট বোর্ড যে ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে ভারতীয় দলের ওই দেশে সিরিজ জিততে অসুবিধা হওয়ার কথা নয়। আর তা হলেই এটা মেনে নিতে কোনও সংশয়ই থাকবে না যে, বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের এই টেস্ট দলটাই সর্বকালের সেরা।

ফাইনাল ফ্রন্টিয়ার
কেন বিরাটের দল সর্বকালের সেরা হতে চলেছে তা নিয়ে যুক্তিও দিয়েছেন সানি। তাঁর কথায়, দক্ষিণ আফ্রিকা সফরই হবে ভারতের কাছে ফাইনাল ফ্রন্টিয়ার। সেরা দেশগুলির মধ্যে একমাত্র দক্ষিণ আফ্রিকাতেই টেস্ট সিরিজ জেতেনি ভারত। আসন্ন সফরে সেটা যদি ভারত নিশ্চিত করে ফেলতে পারে তবে ভারতীয় দল এই বছরটাকে দারুণভাবে উপভোগ করতে পারবে। যার শুরু হয়েছে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে এবং শেষ হবে দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকাতেই হারিয়ে। তারই মধ্যে ইংল্যান্ডেও ভারতীয় দল ভালো ফল করবে বলেই আশাবাদী সানি।












Click it and Unblock the Notifications