Mohammed Shami: বিশ্বকাপের সময় মাঠে নেমেছেন ইঞ্জেকশন নিয়ে! মহম্মদ শামি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য
Mohammed Shami: বিশ্বকাপে ভারতের প্রথম চারটি ম্যাচে তাঁকে একাদশে রাখা হয়নি। হার্দিক পাণ্ডিয়া চোটের কারণে ছিটকে যাওয়ায় মেলে সুযোগ। ৭টি ম্যাচে ২৪ উইকেট নিয়ে মহম্মদ শামি সর্বাধিক উইকেটশিকারীও হন।
কিন্তু সেই দুরন্ত পারফরম্যান্স তিনি যেভাবে চোটকে জয় করে উপহার দিয়েছেন, সেই বিষয়টি এবার প্রকাশ্যে এলো।

বাংলা দলে শামির এক প্রাক্তন সতীর্থই সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে এ বিষয়ে আলোকপাত করেছেন। শামি বিশ্বকাপের পর আর মাঠে নামেননি। ন্যাশনাল ক্রিকেট আকাদেমির চিকিৎসকদের পরামর্শমতো রিহ্যাব চলছে। বিজয় হাজারে ট্রফি চলাকালীন শামি বাংলা দলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
তখনও দেখা যায় শামির হাঁটতে কিছুটা সমস্যা হচ্ছে। জানা যাচ্ছে, বিশ্বকাপের সময়ও গোড়ালির চোট ভোগাচ্ছিল শামিকে। সেই সময় তাঁকে ইঞ্জেকশন নিয়ে মাঠে নামতে হয়। শামি যে দুরন্ত বোলিং উপহার দিয়েছেন তাতে দেখে বোঝাই যায়নি কীভাবে তাঁকে মাঠের বাইরে প্রস্তুতি নিয়ে হয়েছে চোটের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রাখার জন্য।
শামি দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ছিলেন। কিন্তু বলা হয়েছিল বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর ফিটনেস নিয়ে সবুজ সঙ্কেত দিলেই তিনি খেলতে পারবেন। কিন্তু গোড়ালির চোট না সারায় শামির প্রোটিয়াদের দেশে যাওয়া হয়নি। সেঞ্চুরিয়নে ভারতীয় বোলিংয়ের দৈন্যদশা দেখে শামির অনুপস্থিতি প্রকট হয়েছে বারবার।
প্রসিদ্ধ কৃষ্ণর টেস্ট অভিষেক করানো হলেও তিনি ভরসা দিতে পারেননি। একাধিক লম্বা স্পেল করার জায়গায় তিনি পৌঁছতে পারেননি। রঞ্জি মরশুমে একটানা প্রসিদ্ধ দীর্ঘ সময় শেষ কবে খেলেছেন তা মাথায় না রেখেই তাঁকে দলে রাখা হয়েছিল। মুকেশ কুমারকে না খেলিয়ে প্রসিদ্ধকে খেলানো হয়। কিন্তু ভারতের ভরাডুবি হয়েছে।
দ্বিতীয় টেস্টের দলে আবেশ খানকে নেওয়া হয়েছে। তবে তিনিও শামির অভাব যে পুরোপুরিভাবে পূরণ করতে পারবেন না তা বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে, সেঞ্চুরিয়নে পরাজয়ের পরও দু-দিনের নিউ ইয়ার ব্রেক নিয়ে কেপ টাউনের প্রস্তুতিতে নামবে ভারত। তবে শামি দলে না থাকলেও তাঁকে নিয়েই আলোচনা চলছে বারবার।
শামির ওই প্রাক্তন সতীর্থ সংবাদমাধ্যমে জানিয়েছেন, শামির গোড়ালির চোটটি ছোটখাটো নয়। শামিকে বিশ্বকাপের পুরোটাই ভুগিয়েছে ওই চোট। তবে ইঞ্জেকশন নিয়ে খেলেছেন বিশ্বকাপে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট বা বড় ধরনের চোট সারতে সময় লাগে। শামির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। ভারত জানুয়ারি থেকে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ খেলবে। তাতেও শামি খেলতে পারেন কিনা সেটা দেখার।












Click it and Unblock the Notifications