ঘুমের মধ্যেও কার সঙ্গে কথা বলেন ধোনি? ১১তম বিবাহবার্ষিকীতে রহস্য উদঘাটন স্ত্রী সাক্ষীর
১১তম বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় চেন্নাই সুুপার কিংসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাক্ষী জানিয়েছেন যে প্রায়সই বেডরুমে গভীর রাতে অন্ধকারের মধ্যে তিনি এমএস ধোনিকে অন্য কারও সঙ্গে কথা বলতে শোনেন।
১১তম বিবাহবার্ষিকীতে এমএস ধোনি সংক্রান্ত এক ঘন রহস্য প্রকাশ করলেন স্ত্রী সাক্ষী ধোনি। জানালেন যে ঘুমের মধ্যেও নাকি কথা বলেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক। আলাপচারিতায় থাকেন কে বা কারা, সোশ্যাল মিডিয়ার চেন্নাই সুপার কিংসের এক সাক্ষাৎকারে সে কথাও জানিয়েছেন মাহিপত্নী।

ঘুমের মধ্যেও কথা বলেন ধোনি
১১তম বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় চেন্নাই সুুপার কিংসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাক্ষী জানিয়েছেন যে প্রায়সই বেডরুমে গভীর রাতে অন্ধকারের মধ্যে তিনি এমএস ধোনিকে অন্য কারও সঙ্গে কথা বলতে শোনেন। সাক্ষী জানিয়েছেন যে প্রথমদিকে তাঁর মনে হত যে মাহি তাঁর সঙ্গেই কথা বলছেন। কিন্তু ভারতের সর্বকালের সেরা অধিনায়ক যে আদতে অন্ধকারে পাবজি গেম খেলতে ব্যস্ত, তা অবশেষে একদিন বুঝেছিলেন স্ত্রী সাক্ষী। অত রাতে ধোনি কানে হেডফোন লাগিয়ে ওই গেমের সহ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।

বেডরুমেও পাবজি
ইংল্যান্ডে ২০১৯ সালের বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এমএস ধোনির পাবজি খেলার অভ্যাস নিয়ে ইতিউঁতি আলোচনা হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি নেওয়ার পর মাহির ওই গেম খেলার ঝোঁক আরও বেড়েছে বলে জানিয়েছেন স্ত্রী সাক্ষী সিং। তা বলে বেডরুমেও পাবজির প্রবেশ যে প্রথমদিকে তাঁর নাপসন্দ ছিল, তা জানাতে ভোলেননি মাহিপত্নী। সেই সঙ্গে এও জানিয়েছেন যে এখন বিষয়টি তাঁর গা সওয়া হয়ে গিয়েছে। সাক্ষীর কথায়, ধোনি এমন এক ব্যক্তি যিনি সবসময়ই নতুন কিছু বা অন্যরকম ভাবতে পছন্দ করেন। তার অংশ হিসেবেই ধোনি পাবজি খেলেন বলে মনে করেন সাক্ষী।
|
১১তম বিবাহবার্ষিকী
২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। এর এক বছর আগে অর্থাৎ ২০১০ সালের ৪ জুলাই অগোচরেই সাক্ষী রাওয়াতের সঙ্গে বিয়ে সেরে ফেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাঝে কেটে গিয়েছে ১১ বছর। ধোনির সঙ্গে এক দশকেরও দীর্ঘ যাত্রাটা কেমন, তা সোশ্যাল মিডিয়ায় চেন্নাই সুপার কিংসের সাক্ষাৎকারে জানিয়েছেন স্ত্রী সাক্ষী। ধোনির সঙ্গে প্রথম কোথায় দেখা হয়েছিল তাঁর, কীভাবে পরিচয় এবং প্রেম, তা নিয়েও মুখ খুলেছেন মাহিপত্নী।

আইপিএল খেলবেন ধোনি
২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট বিদায় জানান মহেন্দ্র সিং ধোনি। যার হাত ধরে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ, ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, সেই রথী অবশ্য চুটিয়ে আইপিএল খেলে চলেছেন। আইপিএলের গত মরসুমে ধোনি ও তাঁর সিএসকে ব্যর্থতার অতলে ঢুবলেও এবার প্রথম থেকেই ছন্দে রয়েছে মেন ইন ইয়েলোরা। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএল ২০২১-এর অবশিষ্ট অংশে সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করেন ধোনি প্রেমীরা।












Click it and Unblock the Notifications