SA vs IND: অভিষেকেই ফ্লপ প্রসিদ্ধ, দ্বিতীয় টেস্টে দ্রাবিড়ের হাতে বাড়ল বিকল্প, সুযোগ পেলেন কে?
সেঞ্চুরিয়ানে ভারতীয় দলের বোলিং পারফরম্যা ন্স একেবারেই ভালো হয়নি। বুমরাহ ছাড়া আরও কোনও বোলারই দাগ কাটতে ব্যর্থ হয়েছেন। ফলে ভরাডুবি হয়েছে দলে। সবুজ পিচের সুবিধা নিয়ে রাবাদ-বার্গাররা যখনও আগুন ঝড়ালেন তখন একেবারেই ফ্লপ ভারতীয় বোলিং। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের আগেই নতুন বোলারকে যুক্ত করা হল ভারতীয় দলে।
নতুন বছরের ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে শামির বিকল্প হিসাবে খেলা প্রসিদ্ধ কৃষ্ণ চূড়ান্ত ফ্লপ। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যুক্ত করা হল আবেশ খানকে। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে মহম্মদ শামির পরিবর্ত হিসাবে দলে যুক্ত হচ্ছেন আবেশ খান।

আবেশ দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে ছিলেন। তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে টেস্ট খেলেননি। এখনও পর্যন্ত দেশের হয়ে আটটি এক দিনের ম্যাচ এবং ১৯টি টি২০ খেলেছেন আবেশ।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামিকে টেস্ট দলে রাখা হয়েছিল। তবে তিনি এই সিরিজ়ের আগে সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে তাঁকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভারতকে।
এই পরিস্থিতিতে ভারতীয় টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হল আবেশ খানকে। কেপটাউনে মুকেশ কুমার এবং আবেশ খানের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হতে পারে। কারণ প্রসিদ্ধের খেলার সম্ভাবনা কম। খারাপ বোলিং করলেও প্রসিদ্ধের পাশেই থাকছেন অধিনায়ক রোহিত।রোহিত শর্মা অবশ্য কৃষ্ণকে পুরোপুরি সমর্থনই করেছেন।
রোহিত ম্যাচ শেষে বলেন, 'মানছি প্রসিদ্ধ খুব একটা লাল বলের ক্রিকেট খেলেনি। তবে দক্ষিণ আফ্রিকা দলেও এরকম অনভিজ্ঞ তিন ক্রিকেটার রয়েছে। ওঁরা কিন্তু দেখিয়ে দিয়েছে, এই পিচে কীভাবে খেলতে হয়। এটা মোটেই অভিজ্ঞতার প্রশ্ন নয়। পুরো বিষয়টিই মানসিকতার। যদি তুমি ভেবেই নাও তুমি বেশি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলনি, তাহলে সমস্যা হবে।'
এদিকে, দ্বিতীয় টেস্ট ম্যাচে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা। প্রথম ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর জাডেজাকে বল করতে দেখা গিয়েছে। দলের হেল্থ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত কড়া নজরে রেখেছিলেন জাডেজাকে। কেপটাউনে প্রথম একাদশে ফিরতে পারেন জাড্ডু।












Click it and Unblock the Notifications