ইংল্যান্ড বধের পর মিশন আইপিএলের অংশ হতে মুম্বইয়ে রোহিত
ইংল্যান্ড বধের পর মিশন আইপিএলের অংশ হতে মুম্বইয়ে রোহিত
ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট, টি২০ ও ওয়ান ডে সিরিজে পর্যুদস্ত করেছে ভারতীয় ক্রিকেট দল। এই সফলতার অন্যতম নায়ক রোহিত শর্মা এবার হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে। ফলে নতুন লক্ষ্য ঠিক করে পুনে থেকে মুম্বই পৌঁছলেন হিটম্যান। তাঁর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আইপিএলের উত্তাপ গায়ে মেখে ফেললেন ক্রিকেট প্রেমীরাও।
|
মুম্বইয়ে রোহিত
রবিবার পুনের এমসিএ স্টেডিয়ামে ইংল্যান্ডকে তৃতীয় ওয়ান ডে হারিয়ে সিরিজে কব্জা করেছে ভারত। সেই আনন্দের আবহেই সোমবার মুম্বই পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা। যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের জৈব সুরক্ষা বলয়ে। অচিরেই তিনি দলের সঙ্গে অনুশীলনে নামবেন বলে খবর। রোহিত শর্মা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। তা মুহুর্তে ভাইরাল হয়েছে।

ইংল্যান্ড সিরিজে রোহিতের পারফরম্যান্স
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪ ম্যাচ খেলে একটি সেঞ্চুরি সহ ৩৪৫ রান করেছেন রোহিত শর্মা। সিরিজে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় হয়েছেন হিটম্যান। টি২০ সিরিজে রোহিতের ব্যাট থেকে এসেছে ৯১ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ৩ ম্যাচ খেলে ৯০ রান করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

পৌঁছে গিয়েছেন হার্দিক-ক্রুণাল-সূর্য
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ শেষ হওয়ার রাতেই পুনে ছেড়ে মুম্বই পৌঁছে গিয়েছেন হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। ২০২১ সালের আইপিএলের প্রস্তুতি শুরু করতে মুম্বই ইন্ডিয়ান্সের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন দলের তিন স্তম্ভ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

৯ এপ্রিল মুম্বইয়ের ম্যাচ
করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ২০২১ সালের আইপিএল। ৩০ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ফাইনাল এবং প্লে-অফ সহ ৫২ দিনে মোট ৬০টি ম্যাচ খেলা হবে। দেশের ছয় শহরে (কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ) হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। টুর্নামেন্টের প্রথম দিনই বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মোকাবিলায় নামছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।

রোহিতদের সামনে হ্যাটট্রিকের সুযোগ
২০১৯-এর পর ২০২০ অর্থাৎ পরপর দুই বার আইপিএল খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার চ্যাম্পিয়ন হলে আইপিএল জয়ের হ্যাটট্রিক হবে মুম্বই ইন্ডিয়ান্সের। একই সঙ্গে ষষ্ঠ বারের জন্য খেতাব জিতে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে রোহিত শর্মা শিবির। ইতিমধ্যে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের খেতাব সংখ্যা ৩।












Click it and Unblock the Notifications