Ranji Trophy 2024: এখনও ফুরিয়ে যাননি, রঞ্জিতে দ্বিশতরান করে জবাব দিলেন পূজারা, গড়লেন রেকর্ডও
রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে ভারতীয় টেস্ট দলে ক্রাইসিস ম্যানেজার হিসাবে পরিচিত ছিলেন চেতেশ্বর পূজারা। দেশে হোক বা বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে বার বার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান। কিন্তু সাম্প্রতিক কালে সেই পূজারাই ভারতীয় দল থেকে বাদ পড়েছেন, কিন্তু তিনি যে ফুরিয়ে যাননি তা প্রমাণ করে দিলেন রঞ্জি ট্রফির ম্যাচে।
প্রত্যাবর্তনের আরও নাম পূজারা। টিম ইন্ডিয়ার টেস্ট দলে সমস্যা সমাধানকারীর ভূমিকা পালন করা চেতেশ্বর পূজারা এখন দলের বাইরে থাকলেও তিনি সবসময়ই বড় প্রত্যাবর্তন ঘটিয়েছেন। গত বছর কাউন্টি ক্রিকেটেও প্রচুর রান করেছিলেন তিনি। মরসুমের প্রথম রঞ্জি ট্রফির ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচে দ্বিশতরান করে পূজারা বুঝিয়ে দিলেন বয়স বাড়লেন ফর্মটা কিন্তু ধরে রেখেছেন।

রাজকোটে ঝাড়খণ্ডের ১৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র দ্বিতীয় দিনের খেলা শেষে ৪ উইকেটের বিনিময়ে ৪০৬ রান তোলে। পূজারা ১৫৭ ও প্রেরক মানকড় ২৩ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করে পূজারা অনায়াসে টপকে যান ব্যক্তিগত দ্বিশতরানের গণ্ডি। সেঞ্চুরির আগে থামেননি প্রেরকও।
প্রেরক মানকড় সেঞ্চুরি করার পরেই সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। তারা ১৫৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৫৭৮ রান সংগ্রহ করে। দ্বিশতরান করে নতুন রেকর্ডও গড়লেন পূজারা। এই নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ বার দ্বিশতরান করলেন। ছুঁয়ে ফেললেন মার্ক রামপ্রকাশ এবং হাবার্ড সাটকিলিফের রেকর্ড।
পূজারার এই ইনিংসের পরে গিলের উপর চাপ বাড়ল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শুভমান গিল তিন নম্বরে ব্যাট করলেও এই তরুণ ব্যাটসম্যানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ভারতের হয়ে টেস্ট ম্যাচে চেতেশ্বর পুজারা দীর্ঘ সময় ধরে তিন নম্বরে ব্যাট করেছেন। এবার চেতেশ্বর পূজারার সেঞ্চুরি শুভমান গিলের অসুবিধা আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications