মোদীর পদক্ষেপে ইমরান সরকারের উপর ক্ষোভ বাড়ছে পাক ক্রিকেটপ্রেমীদের
ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। সেখানে তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক খেলবে বাবর আজমের দল। ৮ জুলাই থেকে সিরিজ শুরু। যদিও এখনও যা পরিস্থিতি তাতে পাকিস্তানের মানুষ এই সিরিজ দেখা থেকে বঞ্চিতই থাকতে চলেছেন।

সম্প্রচারে জট
দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ক্রিকেট সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টার ও সোনি। এই অবস্থায় পাকিস্তানের ইংল্যান্ড সফরের খেলা সম্প্রচারের ব্যবস্থা করার জন্য ইমরান খানের সরকারের কাছে আবেদন জানিয়েছিল পাকিস্তান টেলিভিশন বা পিটিভি। অনুরোধ করা হয়েছিল, ভারতীয় সংস্থার সঙ্গে যোগাযোগ করে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই সিরিজ সম্প্রচারের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করতে।

প্রস্তাব খারিজ
যদিও আজ ইসলামাবাদে পাক ক্যাবিনেটের বৈঠকে সেই প্রস্তাব নাকচ হয়ে গিয়েছে। পাকিস্তানে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, স্টার ও সোনির সঙ্গে চুক্তি করার যে প্রস্তাব পিটিভি দিয়েছিল তা খারিজ করে দিয়েছে মন্ত্রিসভা। ভারত ও পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়ে সে কারণেই এই সিদ্ধান্ত। জম্মু ও কাশ্মীর থেকে মোদী সরকার ৩৭০ ধারা যে প্রত্যাহার করেছে তা মানতে পারছে না পাকিস্তান। ফাওয়াদ চৌধুরি বলেছেন, ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনও প্রশ্নই নেই। যদিও মন্ত্রীর আশ্বাস, দেশের মানুষ যাতে এই সিরিজ দেখা থেকে বঞ্চিত না হন সেজন্য বিকল্প চিন্তাভাবনা চলছে।

বিকল্প রাস্তার খোঁজ
জানা গিয়েছে, পাকিস্তান সরাসরি ভারতীয় সংস্থাগুলির সঙ্গে কথা না বললেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা অন্য কোনও দেশের সংস্থার মধ্যস্থতায় সিরিজ সম্প্রচারের উদ্যোগ নিতে পারে। যদিও ক্যাবিনেটের এই সিদ্ধান্তে পিটিভি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডও যে আর্থিক ক্ষতির মুখে পড়বে তা ভালোই টের পাচ্ছে পাকিস্তান। সরকারের সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও।

ইংল্যান্ড সফরে পাকিস্তান
পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে তিনটি একদিনের ম্যাচ হবে জুলাইয়ের ৮, ১০ ও ১৩ তারিখ। জুলাইয়ের ১৬, ১৮ ও ২০ তারিখ তিনটি টি ২০ খেলার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন বাবর আজমরা।












Click it and Unblock the Notifications