ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের ঢাকে কাঠি পড়ল বলে, এক রিপোর্টে শুরু জল্পনা
ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের ঢাকে কাঠি পড়ল বলে, এক রিপোর্টে শুরু জল্পনা
প্রায় আট বছর দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজে একে অপরের মুখ দেখেননি ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা। ইতিমধ্যে সীমান্ত সমস্যা, জঙ্গি অনুপ্রবেশ সহ অন্যান্য ইস্যুর তরজায় দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক দূরত্ব যত বেড়েছে, ততই ঠান্ডা ঘরে চলে গিয়েছে ক্রিকেট। ফলে বাইশ গজে ভারত-পাক সম্বৃদ্ধ দ্বৈরথ থেকে বঞ্চিত ক্রিকেট দুনিয়া সুদিনের অপেক্ষায় বসে। সেই অনড় পরিস্থিতির মধ্যেই আচমকা আশার আলো দেখা দিতেই নড়েচড়ে বসেছে বিশ্ব। এক রিপোর্টে দাবি করা হয়েছে যে বিরাট-বাবর দ্বিপাক্ষিক দ্বৈরথ আসন্ন।

ভারত-পাক ক্রিকেট যুদ্ধ
বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে ভারত-পাক সম্পর্কে উন্নতির আশা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়র কেভিন পিটারসেন। সেই আবহে এক রিপোর্টে দাবি করা হয়েছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আসন্ন। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি-কে এ ব্যাপারে প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে খবর। যদিও তা কতটা সত্য, তা নিয়ে ধন্দে রয়েছে ক্রিকেট মহল।

দুই দলের শেষ দেখা
২০১২-১৩ মরসুমে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট খেলতে এসেছিল পাকিস্তান। দুই দলের মধ্যে টি২০ ও ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত। এরপর থেকে আর এ ধরনের মোকাবিলায় মুখোমুখি হয়নি দুই দল। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলি বাদ দিলে ভারত-পাক তুল্যমূল্য দ্বৈরথ থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন ক্রিকেট প্রেমীরা।

এশিয়া কাপের সম্ভাবনা
পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি চেয়ারম্যান এহসান মানি মনে করেন, চলতি বছর শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়। কারণ অতিমারী পরিস্থিতিতেই দেশের মাটিতে পাকিস্তান প্রিমিয়ার লিগের আসর বসানো হয়েছে। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকায় এশিয়া কাপে ভারত অংশ নিতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মানি।

সাক্ষাতের সম্ভাবনা
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে চলতি বছর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে আগামী অক্টোবরে ভারতে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপে দুই দলের দ্বৈরথ দেখার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা।












Click it and Unblock the Notifications