জেমস অ্যান্ডারসনের মাইলস্টোন ম্যাচে নিউজিল্যান্ড চেপে ধরল ইংল্যান্ডকে
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে দুরন্ত ছন্দে নিউজিল্যান্ডের পেসাররা। যার ফলে এজবাস্টন টেস্টেও প্রথম দিনেই ব্যাকফুটে চলে গিয়েছে ইংল্যান্ড। জো রুটের দলের মিডল অর্ডারে ধস নামালেন কিউয়ি পেসাররা।

বার্মিংহামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ররি বার্নস ও ডম সিবলে ভালো শুরু করায় লাঞ্চে ইংল্যান্ডের স্কোর ছিল ২৯ ওভারে বিনা উইকেটে ৬৭। লাঞ্চের পর প্রথম ওভারে সিবলে (৩৫)-কে ফেরান ম্যাট হেনরি। এরপরই ধস নামে স্কোরবোর্ডে ৮৫ রান উঠতে জ্যাক ক্রলি (০) ও জো রুট (৪)-এর উইকেট হারায় ইংল্যান্ড। ১২৭ রানের মাথায় চতুর্থ উইকেট পড়ে, অলি পোপ ফেরেন ১৯ রানে। তৃতীয় সেশনে আরও তিন উইকেট হারায় ইংল্যান্ড। ৮১ রান করে দলের ১৬৯ রানের মাথায় ফেরেন ওপেনার ররি বার্নস।

দিনের শেষে ইংল্যান্ড ৭ উইকেটে ২৫৮ রান তুলেছে। ৬৭ রানে অপরাজিত আছেন ড্যান লরেন্স। মার্ক উড ১৬ রানে ক্রিজে রয়েছেন। অলি স্টোন করেন ২০। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও ভারতীয় বংশোদ্ভূত স্পিনার এজাজ প্যাটেল। কেন উইলিয়ামসন কনুইয়ের চোটের কারণে খেলছেন না বলে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। বিজে ওয়াটলিংও পিঠের চোটের কারণে নেই, উইকেটকিপার টম ব্লান্ডেল খেলছেন। আঙুলের চোটের কারণে মিচেল স্যান্টনারও এজবাস্টন টেস্ট খেলছেন না।এজবাস্টন টেস্টের প্রথম একাদশে সবমিলিয়ে ৬টি পরিবর্তন করেছে নিউজিল্যান্ড। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ওয়ার্কলোড কমাতে রোটেশন পদ্ধতি নেমে বাইরে রাখা হয়েছে টিম সাউদি, কাইল জেমিসন ও কলিন ডি গ্র্যান্ডহোমকেও। এতেই বোঝা যাচ্ছে নিউজিল্যান্ড দল কতটা শক্তিশালী হয়েই ইংল্যান্ড সফরে গিয়েছে। শুধু তাই নয়, এতগুলি পরিবর্তনের পরও ইংল্যান্ডের সাতটি উইকেট তুলে নিতে কিউয়িরা সক্ষম হয়েছে প্রথম দিনেই।

18 years. 616 wickets. 162 Tests.
— England Cricket (@englandcricket) June 10, 2021
Your skill, desire and sacrifice continues to amaze us all.
Our most capped Test cricketer ever. Congrats @Jimmy9 👏 pic.twitter.com/E8cN5MUwDW
এদিকে, এই টেস্টে খেলতে নেমেই ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ১৬২টি টেস্ট খেলার রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন। তিনি এই টেস্টে টপকে যেতে পারেন অনিল কুম্বলের ৬১৯টি টেস্ট উইকেটের রেকর্ড। অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ৬১৬। টেস্টে সর্বাধিক ৮০০ উইকেট রয়েছে মুথাইয়া মুরলিধরনের। তারপরই রয়েছেন শেন ওয়ার্ন (৭০৮)।












Click it and Unblock the Notifications