আইপিএল স্থগিত হওয়া বিরাটদের শাপে বর, কারণ দর্শালেন রস টেলর
১৮ জুন থেকে সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বিরাট কোহলিরা রয়েছেন এক নম্বরে, দুইয়ে কেন উইলিয়ামসনের দল। কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে চর্চা চলছে। ইংল্যান্ডের পরিবেশে অনেকেই নিউজিল্যান্ডকে সামান্য এগিয়ে রাখলেও অভিজ্ঞ কিউই ব্যাটসম্যান রস টেলর কিন্তু বেশ সতর্ক।

বিরাটদের শাপে বর
রস টেলর মনে করছেন, করোনা পরিস্থিতিতে আইপিএল স্থগিত হওয়া বিরাট কোহলিদের পক্ষে শাপে বরই হয়েছে। অন্তত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ধরলে। টেলর বলেন, এই বিশ্রাম পেয়ে ভারতীয় দল অনেক প্রস্তুত হয়েই নামতে পারবেন ফাইনাল খেলতে। বোলারদেরও ক্লান্তি থাকবে না, তরতাজা অবস্থাতেই তাঁরা মাঠে নামতে পারবেন। আইপিএল পুরোটা হলে ভারতীয় দল টেস্টের জন্য প্রস্তুতির সময় অনেক কম পেত। কিন্তু এখন তাদের হাতে অনেকটাই সময় রয়েছে।

সতর্ক রস
নিরপেক্ষ কেন্দ্রে এই প্রথম এই দুই দেশ টেস্ট খেলবে। তাও আবার টেস্ট বিশ্বকাপের প্রথম ফাইনাল! নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান টেলর আরও বলেন, এটা হতেই পারে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলে আমাদের কিছুটা সুবিধা দেবে। কিন্তু এটা ভুললেও চলবে না ভারতীয় দল দীর্ঘদিন ধরে টেস্টে এক নম্বর স্থানটি ধরে রেখেছে। ইংল্যান্ডের মাটিতেও ভারতের সাফল্যের রেকর্ড রয়েছে।

সপ্তম সফরে
রস টেলরের বয়স এখন ৩৭। এই নিয়ে সপ্তমবার ইংল্যান্ড সফরে গিয়েছেন। বিজে ওয়াটলিং ইংল্যান্ড সফরের পরই অবসর নেবেন। তবে অবসর নেওয়ার ভাবনাই নেই টেলরের। তিনি বলেন, আমি মনে করি বয়স শুধু সংখ্যা ছাড়া কিছু নয়। যতক্ষণ ক্রিকেটকে উপভোগ করব, মনে করব নিজে ভালো খেলছি এবং মাঠে ও মাঠের বাইরে দলকে কিছু দিতে পারছি ততক্ষণ অবধি খেলা চালিয়ে যাব। ৩০ পেরোলেই অবসরের কথা অনেকের মাথায় আসে। আমি তা রাখি না বলেই ২০১৯ সালের বিশ্বকাপের পরও অবসর নিইনি, কেন না আমার মাথায় ৩৫ সংখ্যাটাই ছিল না। বরং নিউজিল্যান্ডের অনেকেই অল্প বয়সেই অবসর নিতেন। আমি সেই ধারাটা ভাঙতে পেরেছি ভেবেই ভালো লাগে।

টেস্টে টেলর
১০৫টি টেস্ট ম্যাচ খেলেছেন রস টেলর। ৭৩৭৯ রান করেছেন। সর্বাধিক ২৯০। গড় ৪৫.৮৩। ১৯টি শতরান ও ৩৪টি অর্ধশতরান রয়েছে। ভারতের বিরুদ্ধে ১৪টি টেস্টে ৮১২ রান করেছেন। সর্বাধিক ১৫১। গড় ৩৩.৮৩। ভারতের মাটিতে আটটি টেস্ট খেলেছেন। ৩৮২ রান করেছেন, সর্বাধিক ১১৩। ভারতের মাটিতে টেস্টে টেলরের ব্যাটিং গড় ২৫.৪৬।












Click it and Unblock the Notifications