ব্যর্থ বিরাট-রাহুল, লড়লেন শ্রেয়স, ইংল্যান্ডের বিরুদ্ধে টোয়েন্টিতে ভারত টেনেটুনে ১২৪/৭
ব্যর্থ বিরাট-রাহুল, লড়লেন শ্রেয়স
বছরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ভারত। বিশ্বত্রাস বিরাট কোহলি, কেএল রাহুল, শিখর ধাওয়ান ব্যাট হাতে ব্যর্থ হলেন। কিছুটা লড়লেন ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। শ্রেয়স আইয়ারের লড়াকু ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে টেনেটুনে ১২৪ রান তুলল ভারত।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ দেখতে হাজির হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। সেই আবহে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ওভারেই স্পিনার আদিল রশিদের হাতে বল তুলে দেন ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান। সেই রণনীতি হিট হয়ে যায়। রোহিত শর্মাহীন ভারত ম্যাচের প্রথম ওভার থেকে ২ রানের বেশি করতে পারেনি।
দ্বিতীয় ওভার বল করতে আসেন জোফ্রা আর্চার। ওভারের প্রথম বল দেখে খেলেন ভারতীয় ওপেনার কেএল রাহুল। কিন্তু দ্বিতীয় বলেই তিনি বোল্ড হয়ে যান। নিজের নামের পাশে কোনও রান যোগ করতে পারেননি টি-টোয়েন্টি স্পেশালিস্ট এই ভারতীয় ব্যাটসম্যান। এরপর ব্যাট করতে নামা বিরাট কোহলি চার বল খেলে কোনও রান করতে না পেরে ছটফট শুরু করেন। শেষে আদিল রশিদের বলে তুলে মারতে গিয়ে মিড অফ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।
১২ বল খেলেও ৪ রানের বেশি করতে পারেননি টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান। পুরো ইনিংসে তাঁকে স্বাচ্ছন্দ্য দেখায়নি। আউট হওয়ার পর হাঁফ ছেড়ে বাঁচা গোছের প্রতিক্রিয়াও দেন গব্বর। এরপর ভারতীয় ইনিংস গড়ার কাজ শুরু করেন ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার। দুই ক্রিকেটারের মধ্যে ২৮ রানের ছোট অথচ গুরুত্বপূর্ণ পার্টনারশিপও হয়। ২৩ বলে ২১ রান করা ঋষভ, বেন স্টোকসকে তুলে মারতে গিয়ে ফিল্ডারের হাতে ধরা পড়েন। দুটি ছক্কা ও একটি চার আসে ভারতীয় উইকেটরক্ষকের ব্যাট থেকে।

পন্থ আউট হলেও অন্যদিকে স্বাভাবিক ছন্দে নিজের ব্যাটিং চালিয়ে যান শ্রেয়স। তাঁকে কিছুটা সঙ্গত দেন হার্দিক পান্ডিয়া। দুই ক্রিকেটারের মধ্যে ৫৪ রানের পার্টনারশিপ হয়। ৪৭ বলে ৬৭ রান করেন শ্রেয়স। আটটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ২০ বলে ১৯ রান করে আউট হন হার্দিক। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন জোফ্রা আর্চার। একটি করে উইকেট নেন আদিল রশিদ, মার্ক উড, ক্রিস জর্ডন ও বেন স্টোকস।












Click it and Unblock the Notifications