সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম এখন নরেন্দ্র মোদীর নামে, ঘোষণা অমিত শাহ-র
দিল্লির ফিরোজ শাহ কোটলার পর এবার আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে গেল। অরুণ জেটলির পর মোতেরার নামকরণ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে।

সংস্কারের পর এই স্টেডিয়াম এখন বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। ১ লক্ষ ১০ হাজার দর্শকাসন। গত বছর নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প এই স্টেডিয়ামের উদ্বোধন করেন। আজ সেখানে প্রথম আন্তর্জাতিক ম্যাচের আগে হলো ভূমিপূজন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই অমিত শাহ বলেন, এই স্টেডিয়ামের নাম এখন থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ৬ মাসের মধ্যে এখানে এশিয়াড, কননওয়েলথ গেমস আয়োজন করতে আমেদাবাদ প্রস্তুত।
অমিত শাহ বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই নরেন্দ্র মোদী বলতেন গুজরাটের মানুষজনকে ক্রীড়াক্ষেত্রে ও সেনাবাহিনীতে আরও বেশি করে আকৃষ্ট করতে হবে। তিনি স্বপ্ন দেখেছিলেন বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম বানানোর। আমার অনুরোধে তিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হন। গুজরাট ক্রীড়াক্ষেত্রে উন্নত হতে থাকে। তাই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ তো হলোই, নারানপুরায় আরও একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা হবে। ফলে যে কোনও আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন সম্ভব হবে। দেশের স্পোর্টস সিটি হয়ে উঠবে আমেদাবাদ।
আমেদাবাদের নভরংপুরায় মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন হয় ১৯৮৩ সালের ১২ নভেম্বর। নাম ছিল সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। পুরানো স্টেডিয়াম ভেঙে নতুন স্টেডিয়াম গড়ে তোলার পর এবার সেটির নামও বদলে গেল। এদিনের ভূমিপূজন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু, বিসিসিআই সচিব জয় শাহ।












Click it and Unblock the Notifications