ওয়ান ডে মোকাবিলায় কেন বুমরাহ-কে সমঝে চলবে অস্ট্রেলিয়া? দেখে নিন পরিসংখ্যান
ওয়ান ডে মোকাবিলায় কেন বুমরাহ-কে সমঝে চলবে অস্ট্রেলিয়া? দেখে নিন পরিসংখ্যান
২৭ নভেম্বর থেকে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে। ওই দিন দুই দলের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আরও দুটি ওয়ান ডে ম্যাচ খেলা হবে। এই সিরিজে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে, তা এখন থেকেই বলে দেওয়া যায়। এই মোকাবিলায় জসপ্রীত বুমরাহ কেন গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন, তা দেখে নেওয়া যাক।

বুমরাহের ওয়ান ডে পরিসংখ্যান
ভারতীয় দলের জার্সি গায়ে এখনও পর্যন্ত ৬৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর ঝুলিতে রয়েছে ১০৪টি উইকেট। ওয়ান ডে-তে ৪.৫৫ ইকোনমি রেটে বোলিং করেছেন বুমরাহ। ৫ উইকেট নিয়েছেন একবার।

ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম বোলার
ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ওয়ান ডে-তে একশো উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ৫০ ওভারের ক্রিকেটে ৫৭ ম্যাচ খেলে এই নজির গড়েছেন বুম বুম। প্রথম স্থানে থাকা মহম্মদ শামি ৫৬টি ওয়ান ডে ম্যাচ খেলে ১০০ উইকেট নিয়েছেন। একই প্রেক্ষাপটে বিশ্ব তালিকার অষ্টম স্থানে রয়েছেন শামি। নবম স্থানে রয়েছেন বুমরাহ। তালিকার শীর্ষ স্থানে থাকা আফগানিস্তানের রশিদ খান ওয়ান ডে-তে ৪৪টি ম্যাচ খেলে ১০০ উইকেট নিয়েছেন।

শুরুর দিকের ব্যাটসম্যানরা শিকার
ওয়ান ডে-তে ১০৪টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। তার মধ্যে ৫৩টি উইকেটের মর্যাদা বেশি। কারণ সেগুলি প্রতিপক্ষ দলের প্রথম ছয় ব্যাটসম্যানের। ৫২ জন ব্যাটসম্যানকে ১০ এবং তার নিচের স্কোরে আউট করেছেন বুমবুম। ১০ থেকে ২৯-এর মধ্যে ৩১ বার ব্যাটসম্যানকে আউট করেছেন জসপ্রীত।

অভিষেকের পর থেকে দ্বিতীয় সেরা উইকেট শিকারি
২০১৬ সালের ২৩ জানুয়ারি ভারতীয় দলের জার্সিতে প্রথমবার ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর থেকে তিনি দেশের হয়ে ৬৪টি ম্যাচ খেলে ১০৪ উইকেট নিয়েছেন। এই সময়ের মধ্যে উইকেট শিকারিদের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বুমবুম। ২০১৬ সালের ২৩ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬২টি ম্যাচ খেলে ১১৫ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট তালিকার প্রথম স্থানে অবস্থান করছেন।












Click it and Unblock the Notifications