আইপিএলের বাকি ম্যাচগুলিতে বিরাটের আরসিবি-কে চিন্তায় রাখলেন পেসার জেমিসন
সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ২৫ দিন সময় নিয়েই আইপিএলের বাকি ৩১টি ম্যাচ সেরে ফেলার পরিকল্পনা করেছে বিসিসিআই। যদিও সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের বাকি অংশে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের খেলা নিয়ে সংশয় রয়েছে। এবার ধোঁয়াশা তৈরি হলো নিউজিল্যান্ডের ক্রিকেটারদের নিয়েও।

এবারের আইপিএলের মিনি অকশন থেকে ১৫ লক্ষ টাকায় কাইল জেমিসনকে দলে নেয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বল হাতে বিরাটদের আস্থার মর্যাদাও দেন নিউজিল্যান্ডের এই পেসার। আইপিএলের বাকিটা খেলা নিয়ে তিনি বলেন, সদ্য বিষয়টি আমরা জানতে পেরেছি। কিন্তু এ বিষয়ে আমরা কিছু ভাবারই অবকাশ পাইনি। কী হবে তা জানি না। আমাদের ফোকাস এখন ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ও ভারতের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়েই। উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপের আগে অক্টোবরে তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা নিউজিল্যান্ডের।

জেমিসন বলেন, আইপিএল অনেক দেরি আছে। সামনেই আমাদের তিনটি গুরুত্বপূর্ণ টেস্ট রয়েছে। এই প্রথম ইংল্যান্ড সফরে এসেছি, লর্ডসে টেস্ট খেলব। এরপর এজবাস্টন ও সাউদাম্পটনেও খেলব। দূরের জিনিস নিয়ে বেশি ভাবতে গেলে মনঃসংযোগে চিড় ধরতে পারে। ফলে তার প্রভাব পারফরম্যান্সে পড়ুক সেটা একেবারেই চাই না। তাই টেস্ট ম্যাচগুলিকেই আমি এখন প্রাধান্য দিচ্ছি। উল্লেখ্য, নিউজিল্যান্ডের হয়ে এখনও অবধি ৬টি টেস্ট খেলেছেন জেমিসন।

আইপিএল মাঝপথে স্থগিত হওয়া তাঁর কেরিয়ারে অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে জানিয়ে জেমিসন বলেন, জৈব সুরক্ষা বলয়ে থাকাকালীনও বাইরে করোনা পরিস্থিতি কেমন সেদিকে আমাদের নজর ছিল। বায়ো বাবলে সংক্রমণ ছড়াতেই বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজি আমাদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করেছিল। মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা আগে থেকে ঠিক না থাকলেও সেটাও হয়ে যায়। তবে আমাদের ইংল্যান্ড অবধি পৌঁছে দিতে বিসিসিআই ও আইপিএল ফ্র্যাঞ্চাইজির দারুণ সহযোগিতা পেয়েছি। আইপিএল স্থগিত করার সিদ্ধান্তও পুরোপুরিভাবে সঠিক ছিল।
ছবি- বিসিসিআই/আইপিএল












Click it and Unblock the Notifications