IPL 2024 Final: চেন্নাইয়ে কেকেআর বনাম সানরাইজার্স একমাত্র ম্যাচের ফল কী? চিপকে কাদের সাফল্য বেশি?
IPL 2024 Final: আইপিএল ফাইনালে আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম বা চিপকে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এই মাঠে এই নিয়ে দ্বিতীয়বার তারা আমনে-সামনে।
পারস্পরিক দ্বৈরথের নিরিখে ২৭ ম্যাচে কেকেআর জিতেছে ১৮টিতে, ৯টিতে সানরাইজার্স। শেষ পাঁচটি দ্বৈরথ হোক বা চলতি আইপিএলের আগের দুটি সাক্ষাৎ, সবেতেই শেষ হাসি হেসেছে কেকেআর।

আজ কলকাতা নাইট রাইডার্স নামছে তৃতীয়বার আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে। সানরাইজার্স হায়দরাবাদ দ্বিতীয়বার আইপিএল ট্রফি ঘরে তুলতে মরিয়া। আজ জিতলে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি আইপিএল চ্যাম্পিয়ন হবে তৃতীয়বার। ২০০৯ সালে ডেকান চার্জার্স জিতেছিল। ২০১৬-এ জেতে সানরাইজার্স।
কেকেআর ২০১২ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চিপকেই। এরপর ২০১৪ সালেও গৌতম গম্ভীরের নেতৃত্বে দ্বিতীয়বার আইপিএল খেতাব জয় নিশ্চিত করে নাইটরা। এখন গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর। তিন বছর আগে চিপকেই সানরাইজার্সের বিরুদ্ধে খেলেছিল কেকেআর।
২০২১ সালের আইপিএলের তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ১০ রানে জয় ছিনিয়ে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ১১ এপ্রিল টস জিতে ফিল্ডিং নিয়েছিল সানরাইজার্স। নীতীশ রানার ৮০ ও রাহুল ত্রিপাঠীর ৫৩ রান কেকেআরকে পৌঁছে দেয় ৬ উইকেটে ১৮৭ রানে।
সেই ম্যাচে কেকেআরের একাদশে থাকা নীতীশ রানা, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী আজকের ফাইনালে খেলবেন। সেবার প্যাট কামিন্স ও রাহুল ত্রিপাঠী ছিলেন কেকেআরে, তাঁরা আজ নামবেন সানরাইজার্সের হয়ে। আবার ওই ম্যাচে সানরাইজার্সের হয়ে ৬১ রানে অপরাজিত ছিলেন মণীশ পাণ্ডে। তিনি এখন কেকেআরে।
কেকেআরের দেওয়া ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৭৭ রানের বেশি এগোতে পারেনি সানরাইজার্স। প্রসিদ্ধ কৃষ্ণ ২টি এবং শাকিব আল হাসান, প্যাট কামিন্স ও আন্দ্রে রাসেল নিয়েছিলেন ১টি করে উইকেট। ফলে চিপকে সানরাইজার্সের বিরুদ্ধে একমাত্র দ্বৈরথটি জিতেছিল কেকেআরই।
কলকাতা নাইট রাইডার্স চিপকে খেলেছে মোট ১৪টি ম্যাচ। এখানে নাইটরা জিতেছে ৪টি ম্যাচে, পরাজয় ১০টিতে। চিপকের ট্র্যাক রেকর্ড সানরাইজার্সের পক্ষেও ভালো নয়। ১১টি ম্যাচের মধ্যে জয় ২টিতে, হার ৯টিতে। চিপকে আইপিএল প্লে-অফের শেষ চারটির মধ্যে তিনটিতেই জিতেছে প্রথমে ব্যাট করা দল।
চলতি আইপিএলে চিপকে ৮টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে তিনটি ম্যাচে। পাঁচটিতে জয় এসেছে রান তাড়া করে। প্রথম ইনিংসে গড় স্কোর ১৭৭, দ্বিতীয় ইনিংসে গড় স্কোর ১৫৭। আজ লাল মাটির পিচে খেলা হবে। ফলে উইকেট ব্যাটিং সহায়কই হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications