ফের ধাক্কা রাজস্থান রয়্যালসে! আচমকাই ইংল্যান্ডে ফিরলেন লিভিংস্টোন
জোফ্রা আর্চারকে নিয়ে অনিশ্চয়তা। বেন স্টোকসের চোট। এবার লিয়াম লিভিংস্টোনের দেশে ফেরা! বিদেশিদের নিয়ে ঘোর সমস্যায় রাজস্থান রয়্যালস। সোমবার গভীর রাতে দেশে ফিরে গিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে তিনটির একটি ম্যাচেও খেলেননি লিভিংস্টোন। তিনি ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলে রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দিয়েছিলেন। তার আগে তিনি পার্থ স্কর্চার্সের হয়ে বিগ ব্যাশেও খেলেছেন। জৈব সুরক্ষা বলয়ে থাকার ক্লান্তির কারণ দেখিয়ে তিনি দেশে ফিরে গিয়েছেন। দেশে ফিরে তিনি কোনও টুইট না করলেও ১৯ এপ্রিল এফএ কাপ ফাইনাল-সহ দুটি টুইট করেছিলেন। রাজস্থান রয়্যালস শিবিরের তরফে বলা হয়েছে, গত এক বছর ধরে বায়ো বাবলে থাকার ক্লান্তি কাটাতেই লিয়াম লিভিংস্টোন দেশে ফিরে গিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন ও সম্মান জানাচ্ছি। সাধ্যমতো তাঁর পাশে থাকার বার্তাও দিয়েছে রাজস্থান রয়্যালস।
Liam Livingstone has flown back home late last night, due to bubble fatigue accumulated over the past year. We understand and respect his decision, and will continue supporting him in any way we can.#RoyalsFamily pic.twitter.com/stYywf3tBW
— Rajasthan Royals (@rajasthanroyals) April 20, 2021
করোনা আবহে ভারত ইংল্যান্ডে রেড লিস্টে ওঠার আগেই দেশে ফিরেছেন লিভিংস্টোন। ভারত-সহ যে সব দেশে করোনা সংক্রমণ বেশি সেখান থেকে ইংল্যান্ডে কেউ গেলে তাঁকে বাধ্যতামূলক দশ দিনের কোয়ারান্টিনে থাকতে হচ্ছে। গত বছর করোনার জেরে ক্রিকেট বন্ধের সময় লিভিংস্টোন পাকিস্তান সুপার লিগে খেলছিলেন। এরপর মে মাসে ঘরের মাঠে সিরিজ খেলার জন্য ইংল্যান্ড দলের ট্রেনিং স্কোয়াডে রাখা হয় তাঁকে। আয়ারল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের দলে রিজার্ভ হিসেবে ছিলেন তিনি। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাক আপ হিসেবে দলের সঙ্গে থাকলেও খেলার সুযোগ পাননি। যদিও এরপর বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সকে ফাইনালে তোলার পিছনে বড় অবদান ছিল লিভিংস্টোনের।

বেন স্টোকস চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। একই কারণে জোফ্রা আর্চারও মাঠের বাইরে, বর্তমানে ভারতে যেভাবে কোভিড সংক্রমণ বাড়ছে তাতে তিনিও রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে আসবেন কিনা তা স্পষ্ট নয়। এবার জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তিতে সরে দাঁড়ালেন লিভিংস্টোন। তবে তিনিই প্রথম নন। বায়ো বাবলের ক্লান্তির কারণে এ বছরের আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মিচেল মার্শ। টম কারান, টম ব্যান্টন-সহ ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার একই কারণে বিগ ব্যাশে খেলেননি। তবে লিভিংস্টোনের দেশে ফেরা ইংল্যান্ড দলের পক্ষে যেমন খুশির খবর, তেমনই তাঁর কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারও তাঁকে পেয়ে শক্তিশালী হবে।












Click it and Unblock the Notifications