IPL 2021 : করোনা আক্রান্ত টি নটরাজন, সংযোগে ৬, দিল্লির বিরুদ্ধে হায়দরাবাদের আজকের ম্যাচ হবে কি?
IPL 2021 : করোনা আক্রান্ত সানরাইজার্সের ফাস্ট বোলার, সংযোগে ৬, দিল্লির বিরুদ্ধে আজকের ম্যাচ হবে কি?
চলতি আইপিএলের দ্বিতীয় পর্বেও করোনা ভাইরাসের আতঙ্ক। বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজনের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। তাঁর সংযোগে এসেছেন দলের আরও ৬ জন সদস্য। যদিও তাঁদের আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে। সুরক্ষিত রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস দলের বাকি খেলোয়াড়েরা। দুবাইয়ে আজ দুই দলের মধ্যে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে।
|
করোনা ভাইরাসে আক্রান্ত টি নটরাজনের
২০২০ সালের আইপিএলে সাড়া জাগিয়ে ভারতীয় নির্বাচকদের নজর কেড়ে নেওয়া টি নটরাজনের সময়টা মোটাই ভাল যাচ্ছে না। চলতি আইপিএলের প্রথম পর্বে পাওয়া চোটের কারণে দীর্ঘ সময় বাইশ গজের বাইরে কাটাতে হয়েছে তামিলনাড়ুর বাঁ-হাতি ফাস্ট বোলারকে। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে প্রত্যাবর্তন ঘটানোর অপেক্ষায় ছিলেন ইয়র্কার কিং। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে বুধবারের ম্যাচে মাঠে নামারও কথা ছিল নটরাজনের। কিন্তু রুটিন আরটি-পিসিআর টেস্টই সব গড়বড় করে দেয়। এদিন সকালেই বাঁ-হাতি ফাস্ট বোলারের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে। লক্ষণহীন হওয়ায় নটরাজন রয়েছেন সেলফ আইসোলেশনে।

আরও ৬ জন আইসোলেশনে
বুধবার আইপিএলের তরফে একটি টুইট করে টি নটরাজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে। বলা হয়েছে যে তামিলনাড়ুর বাঁ-হাতি ফাস্ট বোলারের সংযোগে এসেছেন সানরাইজার্স হায়দরাবাদের এক ক্রিকেটার সহ আরও ৬ জন। তাঁরা হলেন অল রাউন্ডার বিজয়শঙ্কর, টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিওথেরাপিস্ট শ্যামসুন্দর জে, ডাক্তার অঞ্জনা ভানান, লজিস্টিক ম্যানেজার তুষার খেড়কর, নেট বোলার পেরিয়াস্বামী গনেশন। কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও বিধি মেনে এই ৬ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

ম্যাচ কি হবে আজ
আজ সন্ধ্যায় চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার কথা সানরাইজার্স হায়দরাবাদের। তার আগে টি নটরাজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা যে ম্যাচকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছিল, তা অনায়াসে বলা যায়। তবে দুই দলের বাকি সদস্যের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ আসায় দিল্লি ও হায়দরাবাদের ম্যাচ আজ নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠিত হবে বলেও আইপিএল কমিটির তরফে জানানো হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। সাতটায় দুই দলের অধিনায়ক টস করতে নামবেন।

আইপিএলে ফের করোনার থাবা
চলতি বছরের এপ্রিল মাসে ভারতে শুরু হয়েছিল এই আইপিএল। টুর্নামেন্টে চলাকালীন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন সানরাইজার্স হায়দরবাদের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা, দিল্লি ক্যাপিটালসের স্পিনার অমিত মিশ্র সহ একাধিক ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের বেশ কয়েক জন সাপোর্ট স্টাফের কোভিড ১৯ রিপোর্টও পজিটিভ এসেছিল। তারপরই আইপিএল মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এবার একই রকম আতঙ্ক তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতেও। যারা করোনা ভাইরাসের আবহেই ২০২০ সালের আইপিএল সুষ্ঠুভাবেই সম্পন্ন করে বিসিসিআইয়ের মন জয় করেছিল।












Click it and Unblock the Notifications