আইপিএল ২০২০ : রোহিত-পোলার্ড-পান্ডিয়া জুটিতে পাঞ্জাবের বিরুদ্ধে রানের পাহাড়ে মুম্বই, স্কোর ১৯১/৪
আইপিএল ২০২০ : রোহিত-পোলার্ড-পান্ডিয়া জুটিতে পাঞ্জাবের বিরুদ্ধে রানের পাহাড়ে মুম্বই, স্কোর ১৯১/৪
আবুধাবির অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে আগে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৯২ রানের লক্ষ্য দিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা, কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে ভর করে রানের পাহাড়ে চড়ল মুকেশ আম্বানির দল।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যানরা কিছুটা হলেও সুবিধা পাবেন বলে মনে করেন রাহুল। বল গ্রিপ করতে সমস্যায় পড়বেন বোলাররা। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পাঞ্জাবের অধিনায়ক।
যদিও কিংস অধিনায়কের সঙ্গে একমত নন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথায়, আবুধাবির মাঠ ব্যাটিং সহায়ক। এই মাঠে আগে ব্যাট করে দুটি ম্যাচ জিতেছে মুকেশ আম্বানির দল। তাই আজ টসে জিতলে তিনি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন হিটম্যান। কথা অনুযায়ী কাজ করলেন মুম্বইয়ের অধিনায়ক। ৪৫ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হিটম্যান। আটটি চার ও তিনটি ছক্কা হাঁঁকান।
ইনিংসের মাঝে রান রেট কিছুটা পড়ে গেলেও, শেষের দিকে তা পূরণ করে দেন মুম্বই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া। ২০ বলে ৪৭ রান করেন পোলার্ড। ১১ বলে ৩০ রান করেন পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১টি করে উইকেট নেন শেলডন কোটরেল ও মহম্মদ শামি।












Click it and Unblock the Notifications