কঠোর বিধিনিষেধ মেনেই ইংল্যান্ড পাড়ি ভারতের, বিসিসিআইয়ের প্রস্তুতি চূড়ান্ত
ভারতের পুরুষ ও মহিলাদের দল একইসঙ্গে ২ জুন রওনা হবে ইংল্যান্ডের উদ্দেশ্যে। তার আগে কীভাবে কাটাবেন বিরাট কোহলি, রোহিত শর্মা, মিতালি রাজ, হরমনপ্রীত কৌররা তা চূড়ান্ত করে ফেলল বিসিসিআই। বুধবারই ভারতীয় ক্রিকেটাররা পৌঁছে যাচ্ছেন মুম্বইয়ে। তারপর দুই সপ্তাহের নিভৃতবাস।

মুম্বইয়ে নিভৃতবাস
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে ভারত। ভারতের মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডে খেলবে একটি টেস্ট, তিনটি করে ওয়ান ডে ও টি ২০ আন্তর্জাতিক। মুম্বইয়ে দুই সপ্তাহের নিভৃতবাসে থাকতে হবে এই দলে থাকা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। মুম্বই রওনা হওয়ার আগে তিনবার কোভিড পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। জৈব সুরক্ষা বলয়কে সুরক্ষিত করতেই এই পদক্ষেপ। তবে মুম্বইয়ের ক্রিকেটারদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

মুম্বইকরদের সুবিধা
টিম হোটেলে সতীর্থরা বুধবারের মধ্যে চলে এলেও মুম্বইয়ের ক্রিকেটাররা সেদিনই টিম হোটেলে যাবেন না। অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, কোচ রবি শাস্ত্রী-সহ যাঁরা মুম্বইয়ে বাস করেন, তাঁরা দলের সঙ্গে টিম হোটেলের জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ২৪ মে। তবে বুধবার থেকে তাঁদের বাড়িতেই কঠোর নিভৃতবাসে থাকতে হবে বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। ইংল্যান্ড রওনা হওয়ার আগে সকলেরই ফের কোভিড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ঋদ্ধিকে ছাড়
রবিবারই করোনামুক্ত হয়ে বিসিসিআইয়ের থেকে অনুমতি নিয়ে সোমবার কলকাতায় ফিরেছেন ঋদ্ধিমান সাহা। করোনা আক্রান্ত থাকায় আইপিএল স্থগিত হওয়ার দুই সপ্তাহ পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলেন। ঋদ্ধিকে অবশ্য টেস্ট দলে যোগ দেওয়ার আগে ফিটনেস টেস্ট উত্তীর্ণ হতে হবে। যদিও সুস্থ ঋদ্ধির ক্ষেত্রে সেটা অসুবিধা হবে না। জানা গিয়েছে, ইংল্যান্ড রওনা হওয়ার সপ্তাহখানেক আগে তিনি দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে লোকেশ রাহুল ও প্রসিদ্ধ কৃষ্ণকেও। প্রসিদ্ধ করোনা আক্রান্ত হয়েছিলেন। রাহুলের অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।

ইংল্যান্ডে গিয়ে
১৮ জুন থেকে সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। জানা গিয়েছে, বিসিসিআইয়ের চার্টার্ড বিমানে সরাসরি সেখানেই পৌঁছাবেন বিরাটরা। সাউদাম্পটনে মাঠ সংলগ্ন হোটেলে দশদিনের নিভৃতবাসে থাকতে হবে বিরাটদের। তবে মুম্বইয়ের মতো কঠোর নিভৃতবাসে কাটাতে হবে না। হোটেল ও মাঠের মধ্যে জৈব সুরক্ষা বলয়ে থেকে অনুশীলন করতে পারবে ভারতীয় দল।

পরিবার নিয়ে
স্ত্রী, সন্তানরা ইংল্যান্ড সফরে ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক সোমবার জানিয়েছেন, ২,৩২৩ জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়ান্টের সংক্রমণের হদিশ মিলেছে। ভারত এই মুহূর্তে ইংল্যান্ডের রেড লিস্টে রয়েছে। ফলে পরিবার নিয়ে ক্রিকেটাররা ইংল্যান্ডে যেতে পারবেন কিনা সে ব্যাপারে ব্রিটিশ সরকারের সবুজ সঙ্কেত এখনও মেলেনি। তবে মুম্বইয়ের টিম হোটেলে দলের সদস্যদের স্ত্রী, সন্তানদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। যদিও ক্রিকেটারদের যেসব বিধি মেনে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে পরিবারের জন্যও একই নিয়ম প্রযোজ্য।












Click it and Unblock the Notifications