শিখরে দীপ্তি, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল হরমনপ্রীতের ভারত
দেশের মাটিতে শ্রীলঙ্কাকে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আজ তিরুঅনন্তপুরমে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত পঞ্চম টি২০ আন্তর্জাতিক জিতল ১৫ রানে।
এই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন দীপ্তি শর্মা। মেগান শুটের ১৫১টি উইকেট দখলের কীর্তি টপকে তিনিই এখন মহিলাদের টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটশিকারী।

গ্রিনফিল্ড স্টেডিয়ামে শ্রীলঙ্কা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে। এই ম্যাচে স্মৃতি মান্ধানাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অধিনায়ক হরমনপ্রীত ৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৩ বলে সর্বাধিক ৬৮ রান করেন। অরুন্ধতী রেড্ডি ১১ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।
শেফালি ভার্মা ৫, গুণলান কমলিনী ভারতের হয়ে অভিষেক ম্যাচে ১২, হারলিন দেওল ১৩, রিচা ঘোষ ৫, দীপ্তি শর্মা ৭ ও আমনজ্যোত কৌর ১৮ বলে ২১ রান করেন। স্নেহ রানা ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন। দুটি করে উইকেট নেন কাবিশা দিলহারি, রশ্মিকা সেওয়ান্ডি ও চামারি আতাপাত্তু।
জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানের বেশি যেতে পারেনি। হাসিনি পেরেরা ৬৫ ও ইমেশা দুলানি ৫০ রান করেন। দীপ্তি শর্মা, অরুন্ধতী রেড্ডি, স্নেহ রানা, বৈষ্ণবী শর্মা, শ্রী চরণী ও আমনজ্যোত কৌর- সকলেই একটি করে উইকেট নেন। দীপ্তির টি২০ আন্তর্জাতিকে উইকেট-সংখ্যা আপাতত ১৫২। ম্যাচের সেরার পুরস্কার পেলেন হরমনপ্রীত, সিরিজ সেরা হলেন শেফালি (২৪১ রান)।












Click it and Unblock the Notifications