মিতালি-ঝুলন-হরমনপ্রীতদের সফরে করোনার প্রভাব! বদলাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ-সূচি
করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে এবার অনিশ্চয়তা তৈরি হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের সূচি নিয়ে। গতকালই ডাউন্ড আন্ডার সিরিজে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ান ডে ও টি ২০ ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। অস্ট্রেলিয়া তার আগেই দল ঘোষণা করেছে। মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌরদের এ মাসেই অস্ট্রেলিয়া পৌঁছানোর কথা ছিল। কিন্তু এবার সিরিজের সূচি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

অনিশ্চিত সূচি
মে মাসে যে সূচি ঘোষণা করা হয়েছিল সেপ্টেম্বরের ১৯ তারিখ প্রথম একদিনের ম্যাচটি হওয়ার কথা নর্থ সিডনি ওভালে। পরের দুটি ম্যাচ ২২ ও ২৪ সেপ্টেম্বর জংশন ওভালে হওয়ার কথা। ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অবধি পারথের ওয়াকাতে গোলাপি বলের একমাত্র টেস্টটি খেলে ভারত তিনটি টি ২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ায়। নর্থ সিডনি ওভালে সেই ম্যাচ তিনটি হওয়ার কথা অক্টোবরের ৭, ৯ ও ১ তারিখ। কিন্তু সিডনি ও মেলবোর্নে করোনা সংক্রান্ত কঠোর লকডাউন জারি হওয়ায় এবং সীমান্ত বন্ধ থাকায় নিশ্চিতভাবেই এই ক্রীড়াসূচিতে বদল আসতে চলেছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার কঠোর অবস্থান ক্রিকেট অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলেছে।

কোথায়, কবে, কীভাবে?
ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের সাতটি ম্যাচ কোথায়, কবে, কীভাবে আয়োজন করা যায় সেজন্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিএ-র তরফে বিবৃতিতে জানানো হয়েছে, করোনার চ্যালেঞ্জ সামলানোর মধ্যে গোটা দেশের পরিস্থিতির দিকেই নজর রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন ক্রীড়াসূচি বা সিরিজ অন্যত্র আয়োজনের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত উপযুক্ত সময়েই জানানো হবে।

টানা নিভৃতবাস
ভারতীয় ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা ইতিমধ্যেই নিভৃতবাসে রয়েছেন অস্ট্রেলিয়া সফরের জন্য। অস্ট্রেলিয়া সরকারের নির্দেশ অনুযায়ী, সে দেশে পৌঁছানোর পর আরও ১৪ দিন নিভৃতবাসে থাকতে হবে ভারতীয় দলকে। যদি অস্ট্রেলিয়ার অন্যত্র সিরিজ আয়োজন করতে হয় করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে, তাহলে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার অজি ক্রিকেটারদেরও নিভৃতবাসে থাকতে হবে।

ভারতীয় দলে ৩ নতুন মুখ
ভারতীয় দলের টি ২০ অধিনায়ক তথা টেস্ট ও ওয়ান ডে দলের সহ অধিনায়ক হরমপ্রীত কৌর কোয়াড ইনজুরির কারণে দ্য হান্ড্রেডে সব ম্যাচ খেলতে পারেননি। হাঁটুর চোটের কারণে রাজেশ্বরী গায়কোয়াড় ইংল্যান্ড সফরে যেতে পারেননি। তা সত্ত্বেও এই দুই ক্রিকেটার অস্ট্রেলিয়া সফরের দলে রয়েছেন। ফলে টানা নিভৃতবাসে থাকা তাঁদের রিহ্যাব প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলে কিংবা সিরিজের আগে তাঁদের ম্যাচ ফিটনেসের পথে প্রতিবন্ধকতা তৈরি করে কিনা সেটাও দেখার। তবে বাংলার রিচা ঘোষ টি ২০ দলের পাশাপাশি টেস্ট ও একদিনের সিরিজের দলেও সুযোগ পেয়েছেন। ২২ সদস্যের দলে তিন নতুন মুখ মিডিয়াম পেসার মেঘনা সিং, বাঁহাতি ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়া ও অলরাউন্ডার রেণুকা সিং।
(ছবি- বিসিসিআই মহিলা ক্রিকেট দলের টুইটার)












Click it and Unblock the Notifications