গভীর রাতে মহিলা ক্রিকেটারকে টুইট, সতর্কিত ইংল্যান্ডের ওপেনার
চেন্নাইয়ে দুটি টেস্টে রান পাননি। চার ইনিংসে দুই বার শূন্য রানে আউট হন। বাকি দুই ইনিংসে মোট ৫৮ রান করেন। ব্যর্থ হওয়ায় তৃতীয় টেস্টে দলের বাইরেই ছিলেন। মোতেরায় দিন-রাতের টেস্টে না খেলেও বিতর্কে জড়ালেন ইংল্যান্ডের ওপেনার ররি বার্নস। গভীর রাতে নিজের দেশেরই মহিলা ক্রিকেটার অ্যালেক্স হার্টলেকে টুইটে জবাব দিয়ে এবার দলে সতর্কিত হলেন বার্নস।

মোতেরায় দিন-রাতের গোলাপি বলে টেস্টে ইংল্যান্ডকে হারাতে পুরো দুই দিনও লাগেনি ভারতের। লজ্জার পরাজয়ের পর ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার অ্যালেক্স হার্টলে টুইটে লেখেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে যখন মহিলা ক্রিকেট দল খেলতে নামবে তার কিছুক্ষণ আগে টেস্ট ম্যাচ শেষ হয়ে গিয়েছে। মহিলাদের ম্যাচ দেখার জন্য ইংল্যান্ডের পুরুষ দলের খেলা শেয হয়ে গিয়েছে বলে ভালোই লাগছে। চারটি হাততালির ইমোজি দিয়ে তাঁর ফলোয়ারদের ওই ম্যাচ দেখতে উৎসাহিত করেন অ্যালেক্স। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ডের মহিলা দল। আজ সিরিজের শেষ ম্যাচ নিউজিল্যান্ড জিতলেও সিরিজ ২-১-এ জিতে নিয়েছে ইংল্যান্ড। জো রুটের দল সিরিজে ভারতের চেয়ে একই ব্যবধানে পিছিয়ে রয়েছে।
হার্টলের ওই টুইটে প্রতিক্রিয়া জানিয়ে ররি বার্নস লিখেছিলেন, ইংল্যান্ডের পুরুষ দল সব সময় মহিলা ক্রিকেট দলকে সমর্থন করে। কিন্তু একজন মহিলা ক্রিকেটারের এমন আচরণ খুবই হতাশাজনক। ৬ মাস কোনও টুইট না করলেও বার্নস এই টুইটটি করেন ভারতীয় সময় রাত ১টা নাগাদ। সেই কমেন্টকে সমর্থন করেন জেমস অ্যান্ডারসন, বেন স্টোকস-সহ রুটের দলের কয়েকজন সদস্য। যদিও ৪৫ মিনিট পরেই টুইটটি মুছে দেন বার্নস। যদিও হার্টলে পরে মহিলা দলের কিছু ছবি পোস্ট করে লেখেন, আমাকে বুঝতে ভুল হয়েছে বা আমার মন্তব্য অপ্রাসঙ্গিক ভেবে নেওয়া হয়েছে। খারাপ উদ্দেশ্য নিয়ে এটি লেখা হয়নি। আমরা সকলেই টেস্ট দলের সমর্থক। উল্লেখ্য, ২০১৯ সালের পর দেশের হয়ে না খেলা হার্টলে ইসিবি-র সেন্ট্রাল কন্ট্রাক্টেও নেই। তবে নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকা পালন করছেন। ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড এ বিষয়ে মাথা না ঘামালেও দলের তরফে ররিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন ইসিবি-র এক মুখপাত্র।
সিলভারউড বলেন, আমি বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিত বা উদ্বিগ্ন নই। ইংল্যান্ডে বোর্ডকর্তারা এ বিষয়টি দেখছেন। আমার অন্য অনেক বিষয়ে চিন্তা রয়েছে। ইংল্যান্ড মহিলা দলের ক্রিকেটাররাও মনে করছেন, অ্যালেক্সের নিজস্ব মত থাকতেই পারে। কিন্তু দেশ যেখানে দুই দিনে টেস্ট হেরেছে সেখানে ওই টুইটটি করার সময় যথাযথ নয়।












Click it and Unblock the Notifications