আর্চারের জোড়া ধাক্কায় চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে ভারত
আর্চারের জোড়া ধাক্কায় চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে ভারত
চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড (India vs England) প্রথম টেস্টের আজ তৃতীয় দিন। ফলে খুব বড় অঘটন না ঘটলে এই টেস্ট ইংল্যান্ড হারছে না এটা নিশ্চিত। ড্রয়ের সম্ভাবনাই বেশি। তবে ম্যাচ বাঁচাতে ভারতের লড়াই কিন্তু বেশ কঠিন। ইংল্যান্ড যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পছন্দ করছে না তা জো রুটের দলের খেলাতেই পরিষ্কার।

এদিন সকালেও ১০ ওভার ১ বল লাগে ইংল্যান্ডের শেষ দুই উইকেট তুলে নিতে। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৫৭৮ রানে। তা আরও ৭ রান আগে শেষ হতে পারত যদি না রবিচন্দ্রন অশ্বিনের বলে লিচের স্টাম্প আউটের সহজ সুযোগ হাতছাড়া করতেন কিপার ঋষভ পন্থ। এদিন সকালে ব্যক্তিগত ৩৪ রানে জশপ্রীত বুমরাহ-র বলে লেগ বিফোর হন ডম বেস। শেষে জেমস অ্যান্ডারসনকে বোল্ড করেন অশ্বিন। জ্যাক লিচ অপরাজিত থাকেন ১৪ রানে। সবমিলিয়ে ১৯০.১ ওভার খেলেছে ইংল্যান্ড। বুমরাহ ও অশ্বিন তিনটি করে উইকেট পেয়েছেন। ইশান্ত শর্মা ও শাহবাজ নাদিমের ঝুলিতে ২টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে তৃতীয় ওভারে রোহিত শর্মা (Rohit Sharma)-র উইকেট হারায় ভারত। ইনিংস বিরতিতে লাইট রোল চেয়েছিল ভারত। তবে রুটের হুঙ্কার যে ফাঁকা ছিল না তা বোলিং করতে এসে দেখাচ্ছেন জোফ্রা আর্চার (Jofra Archer) । মাঝেমধ্যেই চিপকের ফ্ল্যাট উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলছেন। ভারতের মাটিতে টেস্টে নিজের প্রথম স্পেলের দ্বিতীয় ওভারেই তিনি ফিরিয়ে দিয়েছেন রোহিতকে।
রোহিত যে বলে আউট হন তার আগের বলেই চার মেরেছিলেন। কিন্তু দুরন্ত কামব্যাক করে রোহিতের উইকেটটি তিনি তুলে নেন। ব্যর্থ রোহিত মাত্র ৬ রানে আউট হলেও অস্ট্রেলিয়ার মাটিতে ভালো ফর্ম অব্যাহত রেখে আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাটিং করছিছেন অপর ওপেনার শুভমান গিল (Shubman Gill)। একদিনের মেজাজে ব্যাট করে ইংল্যান্ড পেসারদের উপর পাল্টা চাপ তৈরিই লক্ষ্য ছিল। পাঁচটি দৃষ্টিনন্দন বাউন্ডারিও মারেন। কিন্তু মিড অনে জেমস অ্যান্ডারসনের নেওয়া দুরন্ত ক্যাচের সুবাদে গিলের উইকেট তুলে নেন আর্চারই।
ড্রাইভ মারতে গিয়ে ২৮ বলে ২৯ রানে আউট হন গিল। এই প্রতিবেদন লেখার সময় ক্রিজে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গী ফর্মে থাকা চেতেশ্বর পূজারা। রুট আগেই জানিয়েছেন নিজেদের কাজ সহজ করতে পূজারার উইকেটটিই তাঁরা টার্গেট করছেন। এ জন্য বোলারদের ধৈর্য্য ধরারও পরামর্শ দিয়েছিলেন ইংল্যান্ড কোচ। অ্যান্ডারসন বোলিং শুরু করেন আর্চারের সঙ্গে। নবম ওভারে বাঁহাতি বেন স্টোকসকে আক্রমণে এনে ভারতীয় ব্যাটসম্যানদের উপর চাপ বাড়াতে চাইছেন রুট। ভারতীয় দলের ৫০ রান এসেছে একাদশ ওভারে।












Click it and Unblock the Notifications