রাহানে পিছনে ফেললেন সচিন-বিরাটকে, মেলবোর্নে অন্য কীর্তি মুম্বইকরের
সচিন-বিরাটকে হারিয়ে এমসিজি বোর্ডে রাহানের সম্মানজনক ঠাঁই! সঙ্গী এক কিংবদন্তি!
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে কার্যত গো হারাই হারিয়েছে ভারত। ঘরের মাঠে আট উইকেটে এর আগে কবে হেরেছে অজি শিবির, তা খুঁজতে হলে চুল ছিঁড়তে হবে। যাঁর সুতীক্ষ্ণ ভাবনা ও ব্যাটে ভর করে মেলবোর্নে ভারতের তরী পার হয়েছে, সেই অজিঙ্ক রাহানে-কে নিয়ে এখনও যত চর্চা। হবে না-ই বা কেন, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি যা করে দেখাতে পারেননি, এমসিজি-তে তা-ই করে দেখিয়েছেন জিঙ্কস। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

মেলবোর্নে দ্বিতীয় শতরান
মেলবোর্নের বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ১১২ রানের নাছোড় ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার কার্যনির্বাহী অধিনায়ক অজিঙ্ক রাহানে। এটি এমসিজি-তে তাঁর দ্বিতীয় শতরান। একই মাঠে ২০১৮ সালের এক টেস্টে ম্যাচে তিন অঙ্কের ঘরে পৌঁছে ভারতকে জয়ের রাস্তা দেখিয়েছিলেন জিঙ্কস। ফলে দ্বিতীয় বার রাহানের নাম এমসিজি হনার্স বোর্ডে উঠল। সেই ভিডিও পোস্ট করেছে বিসিসিআই।

মানকড়ের পাশে বসলেন রাহানে
দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে মেলবোর্নে দুটি টেস্ট শতরানের মালিক হয়েছেন অজিঙ্ক রাহানে। এর আগে ভারতীয় কিংবদন্তি ভিনু মানকড়ের ঝুলিতে রয়েছে একই রেকর্ড। তা ছুঁতে পারেননি সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়ের মতো গ্রেট সহ বর্তমান প্রজন্মেগ রান মেশিন বিরাট কোহলিও।

বিরাটকে টপকে গেলেন রাহানে
মেলবোর্নে এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে এসেছে ৩১৬ রান। তাতে একটি শতরান ও দুটি অর্ধশতরান সামিল রয়েছে। একই মাঠে রানের নিরিখে বিরাটকে টপকে গিয়েছেন টিম ইন্ডিয়ার কার্যনির্বাহী অধিনায়ক অজিঙ্ক রাহানে। এমসিজি-তে তিনটি টেস্ট খেলে ৭৩.৮০-এর গড়ে ৩৬৯ রান করেছেন জিঙ্কস। সর্বোচ্চ স্কোর ১৪৭।

তালিকার শীর্ষে সচিন
মেলবোর্নে সবচেয়ে বেশি টেস্ট রান রয়েছে সচিন তেন্ডুলকরের ঝুলিতে। এমসিজি-তে পাঁচটি টেস্ট ম্যাচ খেলে ৪৪৯ রান করেছেন মাস্টার ব্লাস্টার। তাতে একটি শতরান ও তিনটি অর্ধশতরান সামিল রয়েছে।
|
এমসিজি বোর্ডে নাম ওঠা ভারতীয়
ব্যাটসম্যান : ভিনু মানকড়, সুনীল গাভাসকর, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ, বিরাট কোহলি, চেতেশ্বপ পূজারা, অজিঙ্ক রাহানে। (শতরান)
বোলার : এরাপল্লী প্রসন্ন, ভগবত চন্দ্রশেখর, কপিল দেব, অনিল কুম্বলে, জসপ্রীত বুমরাহ। (এক ইনিংসে ৫ উইকেট)












Click it and Unblock the Notifications