IND vs ENG: ইংল্যান্ডকে চুনকাম করার লক্ষ্যে ভারত, আমেদাবাদে দুই দেশের ট্র্যাক রেকর্ড কেমন?
IND vs ENG: নাগপুর ও কটকে জিতে আমেদাবাদে পা রেখেছে ভারত। কাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের আন্তর্জাতিক। জস বাটলারদের চুনকাম করার লক্ষ্যে নামছে ভারত।
আমেদাবাদে ভারত ২০টি একদিনের আন্তর্জাতিক খেলেছে, জিতেছে ১১টিতে। ইংল্যান্ড এই শহরে খেলেছে চারটি ম্যাচ, হেরেছে তিনটিতেই।

মোটেরায় সর্দার প্যাটেল স্টেডিয়ামের সংস্কারের পর তা পরিণত হয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। নরেন্দ্র মোদীর নামাঙ্কিত হওয়ার পর এখানে ওডিআই প্রথমবার হয় ২০২২ সালে। ওয়েস্ট ইন্ডিজকে তিনটি ম্যাচেই পরাস্ত করেছিল মেন ইন ব্লু।
২০২৩ সালের বিশ্বকাপে এখানে ভারত ৭ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। যদিও ফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে, ৬ উইকেটে। তারপর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই প্রথম কোনও একদিনের আন্তর্জাতিক খেলতে নামছেন রোহিত শর্মারা।
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড ওডিআই দ্বৈরথও হবে এই প্রথমবার। বিশ্বকাপের দুটি ম্যাচেই এখানে ইংল্যান্ড পরাস্ত হয়েছিল। নিউজিল্যান্ডের কাছে হারে ৯ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস ফিরে পেতে সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোই প্রধান চ্যালেঞ্জ বাটলারদের।
২০০৬ সালে শেষবার আমেদাবাদে কোনও ওডিআই জিতেছিল ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধেও তারা এই শহরে কোনও ওডিআই খেলেনি। রোহিত শর্মা আমেদাবাদে সফলতম ভারতীয় ব্যাটার। তিনি সর্দার প্যাটেল স্টেডিয়াম ও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৭টি ম্যাচ খেলে সর্বাধিক ৩৫৪ রান করেছেন। তিনটি অর্ধশতরান রয়েছে।
আমেদাবাদে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দুই ও তিনে যথাক্রমে রাহুল দ্রাবিড় (৫ ম্যাচে ৩৪২) ও ক্রিস গেইল (৪ ম্যাচে ৩১৬)। বিরাট কোহলি খানে ৯টি ম্যাচ খেলে ২৪৬ রান করেছেন, ২টি অর্ধশতরান-সহ। আমেদাবাদে ওডিআইয়ে সেরা বোলিং ফিগার প্রসিদ্ধ কৃষ্ণর। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি মেডেন-সহ ৯ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট। ওডিআইয়ে আমেদাবাদে ৬ ম্যাচে সর্বাধিক ১০ উইকেট রয়েছে কপিল দেবের। প্রসিদ্ধ কৃষ্ণ ৯টি ও মহম্মদ সিরাজের ৮ উইকেট রয়েছে।












Click it and Unblock the Notifications