সম্পূর্ণ হল অস্ত্রোপচার, ছবি পোস্ট করে 'দ্রুতই ফিরব' বার্তা ভারতীয় অলরাউন্ডারের
সম্পূর্ণ হল অস্ত্রোপচার, ছবি পোস্ট করে 'দ্রুতই ফিরব' বার্তা ভারতীয় অলরাউন্ডারের
ডনের দেশে চোট আঘাতে জেরবার ভারত। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতীয় শিবিরে, একের পর এক চোট। তৃতীয় টেস্টে যে তালিকায় নাম জুড়েছে রবীন্দ্র জাদেজার নাম। স্টার্কের ঘাতক বাউন্সারে চোটের কবলে জাড্ডু। দ্রুত মাঠ ফিরতে অস্ত্রোপচার প্রয়োজন ছিল। এবার অজিভূমেই অস্ত্রোপচার করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দ্রুত মাঠে ফেরার শপথ নিলেন জাদেজা।

কোথায় চোট
স্টার্কের বাউন্সারে জাদেজা বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট লাগে। আর এই চোটের কারণেই অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি জাদেজা। প্রায় ছয় সপ্তাহের জন্য তাঁকে মাঠে বাইরে যেতে হয়েছে। আঙুলের হাড় ভাঙায় এবার অস্ত্রোপচার হয়ে গেল জাড্ডুর।

অস্ত্রোপচারের পর ছবি পোস্ট জাদেজা
মঙ্গলবার বাঁ-হাতের বুড়ো আঙুলে অস্ত্রোপচারের পর জাদেজা সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যান্ডেজ করা হাতের ছবি পোস্ট করেছেন। সেখানেই জাদেজা লেখেন, 'এখন কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলাম। কিন্তু দ্রুত মাঠে ফিরব।'

ইংল্যান্ডের বিরুদ্ধেও সম্ভবত নেই জাদেজা
অস্ত্রোপচারের পর জাদেজা কত দ্রুত সুস্থ হয়ে ওঠেন,সেটাই এখন দেখার। তবে ভারতীয় অলরাউন্ডারের এই মুহূর্তে প্রায় ছয় সপ্তাহের জন্য বিশ্রাম প্রয়োজন। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টেস্টে জাদেজাকে না দেখার সম্ভাবনা প্রবল।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অভিযান কবে শুরু
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ৫ ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে। চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। ইংল্যান্ডের ভারত সফরে চারটি টেস্ট, ৫টি টি-২০ ও ৩টি ওডিআই ম্যাচ রয়েছে।












Click it and Unblock the Notifications