Women’s T20 World Cup 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপ সরল বাংলাদেশ থেকে, কোথায় হবে আইসিসির এই ইভেন্ট?
Women's T20 World Cup 2024: জল্পনার অবসান। বাংলাদেশ থেকে মহিলাদের টি২০ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি। এই টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাক্রম দেখে সবদিক পর্যালোচনা করেই পদক্ষেপ আইসিসির। অক্টোবরের শুরুতেই এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল বাংলাদেশে।

বাংলাদেশে ছাত্র আন্দোলন, তার জেরে প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনার পদত্যাগ, অন্তর্বর্তী সরকার গঠন, বাংলাদেশে ক্রিকেট বোর্ডের ডামাডোল। এইসব ঘটনার কারণেই শেষ অবধি বাংলাদেশ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে পারল না।
বাংলাদেশে বিশ্বকাপ খেলতে অনীহা দেখাচ্ছিল অনেক দেশই। ভারতের পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সংক্রান্ত ট্রাভেল অ্যাডভাইসরিও ছিল টুর্নামেন্ট আয়োজনের পথে বড় বাধা। তবু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সেনা প্রধানের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন বিসিবি কর্তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টটি ধরে রাখতে মরিয়া ছিল। তবে বিসিবিতে ডামাডোল পরিস্থিতি জটিল করে দেয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তিনি দেশের বাইরে। বাংলাদেশের শীর্ষকর্তারাও পদত্যাগের পথে হেঁটেছেন বা হাঁটছেন।
অক্টোবরের ৩ তারিখ থেকে শুরু হয়ে ২০ অক্টোবর অবধি মহিলাদের টি২০ বিশ্বকাপের ম্য়াচগুলি দুবাই ও শারজায় আয়োজনের সিদ্ধান্ত নিল আইসিসি। আইসিসির চিফ এগজিকিউটিভ জিওফ অ্যালার্ডিস বলেছেন, বাংলাদেশ স্মরণীয়ভাবে এই টুর্নামেন্টটি আয়োজন করবে বলে ভাবা হয়েছিল। কিন্তু বাংলাদেশ থেকে টুর্নামেন্ট সরানোর বিষয়টি লজ্জার।
আইসিসি ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সেই আধিকারিকদের, যাঁরা টুর্নামেন্টটি ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু অংশগ্রহণকারী দেশগুলির বাংলাদেশে যাতায়াত সংক্রান্ত বিধিনিষেধের কারণেই শেষ অবধি টুর্নামেন্ট সে দেশে করা গেল না।
বাংলাদেশ অবশ্য মহিলা টি২০ বিশ্বকাপের আয়োজকের তকমা হারাচ্ছে না বলে জানিয়েছে আইসিসি। অদূর ভবিষ্যতে আইসিসির কোনও গ্লোবাল ইভেন্ট বাংলাদেশে আয়োজনের আশ্বাসও দেওয়া হয়েছে। একইসঙ্গে টুর্নামেন্ট আয়োজনে এগিয়ে আসায় এমিরেটস ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি। শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে এই ইভেন্ট আয়োজনের আগ্রহ দেখিয়েছিল। সেই দুটি দেশেও ২০২৬ সালে গ্লোবাল ইভেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি।












Click it and Unblock the Notifications