ICC World Cup 2023: ইডেনে পাকিস্তান বনাম ইংল্যান্ড দ্বৈরথ হবে নতুন পিচে, শাদাব-হ্যারিসকে নিয়ে স্বস্তি বাবরদের
ICC World Cup 2023: রবিবারই কলকাতায় পৌঁছে গিয়েছিল পাকিস্তান দল। তবে সোম ও মঙ্গলবার ইডেনমুখো হননি বাবর আজমরা। আজ থেকে ইডেনে অনুশীলনে নেমে পড়ল পাকিস্তান।
শনিবার কলকাতায় লিগ পর্বের শেষ ম্য়াচে পাকিস্তান খেলবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে পাকিস্তান পেতে পারে সেমিফাইনালের টিকিট। তবে নিউজিল্যান্ড কাল জিতে গেলে কাজ বেশ কঠিন হয়ে যাবে পাকিস্তানের।

পয়েন্ট তালিকার যা পরিস্থিতি তাতে নিউজিল্যান্ড যদি ১ রানেও শ্রীলঙ্কাকে হারায়, তাহলে নেট রান রেটে কিউয়িদের টেক্কা দিতে ১৩১ রানে জিততে হবে পাকিস্তানকে। নিউজিল্যান্ডের জয়ের ব্যবধান বেশি হলে পাকিস্তানকেও আরও বড় জয় ছিনিয়ে নিতে হবে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বেন স্টোকস শতরান করেছেন। ইংল্যান্ডও বড় রান তুলেছে।
ফলে সেমিফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ হতে গেলে বাবরদের যে ব্যবধানে জেতার প্রয়োজন, তা আদৌ সম্ভব হবে কিনা সেটাই বড় প্রশ্ন। তবে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় কিংবা শ্রীলঙ্কা কিউয়িদের হারিয়ে দেয় তাহলে ইংল্যান্ডকে হারালেই কার্যসিদ্ধি হয়ে যাবে পাকিস্তানের। সবচেয়ে বড় কথা, একেবারের পরিস্থিতি বুঝে ও হিসেব কষে খেলতে পারবে পাকিস্তান।
আজ ইডেনে ঘণ্টা তিনেক ধরে অনুশীলন করল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ম্য়াচে ফিল্ডিং করতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়ে মাথায় চোট লাগে শাদাব খানের। কনকাসনের কারণে তিনি বেরিয়ে যান। উসামা মীর খেলেন কনকাসন পরিবর্ত হিসেবে। এরপর বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচে তিনি খেলতে পারেননি।
পাকিস্তানের বিশ্বকাপ দল ১৫ সদস্যের হলেও রিজার্ভ ক্রিকেটারদের নিয়ে সেই সংখ্যা ১৮। ইমাম উল হক, মহম্মদ নওয়াজ ও আব্রার আহমেদ ছাড়া বাকিরা সকলেই অনুশীলন সারলেনষ শাদাব পুরোদমে বোলিংয়ের পাশাপাশি ব্য়াটিং প্র্যাকটিসও করলেন। বাবর আজম এবারের বিশ্বকাপে চারটি হাফ সেঞ্চুরি করলেও শতরান আসেনি।
দুই বছরেরও বেশি সময় ধরে বিশ্বের ১ নম্বর ওডিআই থাকার পর আজ সিংহাসন ছাড়তে হয়েছে শুভমান গিলকে। বাবর নিজেও অন্তত একটি শতরান পেতে মরিয়া। বাবর আজ অনেক পরে ব্যাট করতে গেলেন নেটে। সামলালেন মূলত পেস বোলারদের আক্রমণ। শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে বেশ কিছুক্ষণ তাঁকে ব্যাট করতে দেখা গেল।
ইংল্যান্ডের আদিল রশিদ-সহ স্পিনারদের বিরুদ্ধে রিভার্স স্যুইপকে যে বাবর হাতিয়ার করতে পারেন সেই ইঙ্গিত মিলল। স্পিনারদের বিরুদ্ধে ব্য়াটিংয়ের সময় বেশ কয়েকটি রিভার্স স্যুইপ মারলেন পাক অধিনায়ক। পাঁজরে চোট ছিল পেসার হ্যারিস রউফের। কলকাতায় এসে এমআরআই করানো হয়েছিল। তিনিও স্বাভাবিক ছন্দেই বল করলেনষ।
ইডেনে শনিবারের ম্যাচটি যে উইকেটে খেলা হবে তাতে চলতি বিশ্বকাপে কোনও ম্যাচ হয়নি। ফলে ফ্রেশ উইকেট অপেক্ষা করে রয়েছে। এখনও সেই পিচে ঘাস থাকলেও তা ম্যাচের দিন কতটা থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। ইডেনের চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেন, পিচ ব্যাটিং সহায়ক হবে। স্পিনাররাও সাহায্য পাবেন।












Click it and Unblock the Notifications