ভারতের কোচ হওয়ার আগে কেন অমিত শাহের কাছে গৌতম গম্ভীর? দিলেন বিরাট বার্তা
Gambhir Met Amit Shah: ভারতীয় দলের হেড কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। আইপিএলের শেষে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন।
দিল্লিতে ফিরেই অমিত শাহের কাছে গেলেন গৌতম গম্ভীর। বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসাও করলেন।

গৌতম গম্ভীর ২০১৯ সালে পূর্ব দিল্লি থেকে বিজেপির সাংসদ হয়েছিলেন। এবার আইপিএলের আগে তিনি দলের কাছে রাজনৈতিক কর্মসূচি থেকে অব্যাহতি চেয়েছিলেন। তাঁকে লোকসভা নির্বাচনে আর প্রার্থী করেনি বিজেপি। পূর্ব দিল্লি থেকে সাংসদ হয়েছেন বিজেপির হর্ষ মালহোত্রা।
গম্ভীর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকায় প্রত্যাবর্তন করেন। এবার আইপিএল চ্য়াম্পিয়ন হয় কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর এই প্রথম খেতাব জয়।
আইপিএল চলাকালীনই ভারতের পরবর্তী হেড কোচ হিসেবে গম্ভীরের নাম জল্পনা শুরু হয়। তা আরও জোরালো হয় আইপিএল ফাইনালের শেষে গৌতম গম্ভীরের সঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ-র সাক্ষাতের পরেই। এরপর গম্ভীর দৌড়ে বাকিদের চেয়ে এগিয়ে যেতে থাকেন।
চলতি মাসেই গম্ভীরের নাম ভারতের হেড কোচ হিসেবে ঘোষণা হতে পারে। গম্ভীর নিজেও দেশের হেড কোচের দায়িত্ব নিয়ে রাজি। তিনি পছন্দসই সাপোর্ট স্টাফ রাখার যে শর্ত দিয়েছিলেন, বিসিসিআই তা মেনে নিয়েছে বলে দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেওয়ার পর গম্ভীর রাজধানীতে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এক্স হ্যান্ডলে গম্ভীর লিখেছেন, এবারের লোকসভা নির্বাচনে সাফল্যের জন্য অমিত শাহ-কে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্বে আমাদের দেশের নিরাপত্তা ও স্থিতাবস্থা আরও জোরদার হবে।












Click it and Unblock the Notifications