Six Sixes In An Over: টি২০ আন্তর্জাতিকে ছয় বলে ছয় ছক্কা, যুবরাজদের পাশে নাম লেখালেন দীপেন্দ্র
Six Sixes In An Over: ফের টি২০ আন্তর্জাতিকে ছয় বলে ছয় ছক্কা। এবার নেপালের দীপেন্দ্র সিং আইরি এই ঈর্ষণীয় কীর্তি স্থাপন করলেন কাতারের বিরুদ্ধে।
বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে তিনি ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন। যুবরাজ সিং ও কায়রন পোলার্ডের পাশে নাম লেখালেন নেপালের এই ফিনিশার।

আল আমিরাতে কাতারের বিরুদ্ধে এসিসি পুরুষদের প্রিমিয়ার কাপের ম্যাচে শেষ ওভার শুরুর আগে দীপেন্দ্র ব্যাট করছিলেন ১৫ বলে ২৮ রানে, নেপালের স্কোর ছিল ৭ উইকেটে ১৭৪। মিডিয়াম পেসার কামরান খানের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে আইরি অপরাজিত থাকেন ২১ বলে ৬৪ রানে। নেপাল তোলে ২১০/৭।
২০০৭ সালের টি২০ বিশ্বকাপে যুবরাজ সিং টি২০ আন্তর্জাতিকে প্রথম ছয় বলে ছয় মারার নজির গড়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে, বোলার ছিলেন স্টুয়ার্ট ব্রড। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনী কায়রন পোলার্ড কুলিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছয় বলে ছয় মারেন, বোলার ছিলেন আকিলা ধনঞ্জয়।
টি২০ আন্তর্জাতিকে এদিন যুবরাজ ও পোলার্ডের কীর্তি স্পর্শ করলেন আইরি। একদিনের আন্তর্জাতিকে ছয় বলে ৬টি ছক্কা হাঁকানোর নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও মার্কিন যুক্তরাষ্ট্রের জসকরণ মালহোত্রার।
আইরি অবশ্য এর আগেও টি২০ আন্তর্জাতিকে টানা ৬টি ছয় মেরেছিলেন, তবে একই ওভারে মারলেন এই প্রথম। গত বছর সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিরুদ্ধে এশিয়ান গেমসের ম্যাচে পরপর তিনি পাঁচটি ছয় মেরেছিলেন মুঙ্গুন আলতাংখুইয়াগের ওভারে। এরপর লুভসানজুন্ডুই এর্দেনেবুলগানের ওভারের প্রথম বলেও ছক্কা হাঁকিয়েছিলেন।
সেই ম্যাচেই টি২০ আন্তর্জাতিকে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডটি নিজের দখলে নিয়েছিলেন আইরি। ৯ বলে পূর্ণ করেছিলেন অর্ধশতরান। ১০ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন। নেপাল ৩ উইকেটে ৩১৪ তুলে মঙ্গোলিয়াকে গুটিয়ে দিয়েছিল ৪১ রানে।
টি২০ আন্তর্জাতিকে প্রথমবার নেপাল তিনশো তোলে আইরির ব্যাটে ভর করেই। আজকের ম্যাচের আগে অবধি ২৪ বছরের আইরি ৫৫টি ওডিআই ও ৫৯টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন।












Click it and Unblock the Notifications